বিরোধীদলীয় নেতা ও জামায়াত-এ-ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যৎ স্থানীয় নির্বাচনে দলের নেতা-কর্মীদেরকে যোগ্যতা, দক্ষতা এবং সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে যেতে হবে। তিনি জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদের মর্যাদা দিয়ে আচরণ করার আহ্বান জানান।

আজ শুক্রবার সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আগের দিন সকালে সিলেটে আসেন তিনি।

শিক্ষাশিবিরে বক্তব্য রাখতে গিয়ে শফিকুর রহমান বলেন, "জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের পাশে থেকে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।"

তিনি সংগঠনের নেতা-কর্মীদের অবৈধভাবে টাকা উপার্জনের চিন্তা হৃদয়ে লালিত না রাখার আহ্বান জানিয়ে ব্যবসা-বাণিজ্য ও লেনদেনে স্বচ্ছতার পরিচয় দেওয়ার পরামর্শ দেন। শফিকুর রহমান আরও বলেন, "সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য আবদুল হাই হারুন, মহানগরের নায়েবে আমির মিফতাহুদ্দীন ও নূরুল ইসলাম, এবং জেলা নায়েবে আমির আবদুল হান্নান প্রমুখ।