প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে 'সুখু ও দুখু' গল্পের মাধ্যমে নৈতিক ও মানবিক গুণাবলির গুরুত্ব আলোচনা করা হয়েছে। এই গল্পে দুই বোনের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার ফলে তাদের ভিন্ন পরিণতির কথা ফুটে উঠেছে।

গল্পের অন্যতম চরিত্র সুখুর করুণ পরিণতির পেছনে ছিল তার চরম অহংকার ও সীমাহীন লোভ। সে বুড়ির বাড়িতে গিয়েছিল কেবল সম্পদের আশায়। পথে যারা সাহায্য চেয়েছিল, তাদের সে অবজ্ঞা করেছে। বুড়ির সঙ্গে কথা বলার সময় সে অত্যন্ত উদ্ধত ও খারাপ ভাষা ব্যবহার করেছে। সে ভেবেছিল বেশি ডুব দিলে বেশি গয়না পাবে, কিন্তু তার ফল হয় উল্টো। লোভের বশবর্তী হয়ে সে দামি খাবার ও বড় পেটরা নিয়েছিল, যা তাকে লজ্জায় ফেলে দেয়। তার নিজের খারাপ ব্যবহার এবং অন্যের প্রতি দয়াহীনতাই তার জীবনে দুঃখ ডেকে আনে। বড়দের অবমাননা ও স্বার্থপরতা মানুষকে যে বিপদে ফেলে, সুখুর পরিণতি তার বড় উদাহরণ।

অন্যদিকে, দুখু ছিল কঠোর পরিশ্রমী এবং দয়ালু। সে সারা দিন ঘরের কাজ করত এবং বাবার সুতা কাটত। দুখুর মনে কোনো লোভ ছিল না এবং সে বড়দের সম্মান জানাত। পথে একটি অসহায় কলাগাছ ও ক্ষুধার্থ ঘোড়াকে দেখে সে নিজের বিপদের কথা ভুলে তাদের সাহায্য করেছে। তার এই মমত্ববোধই তাকে পরবর্তী সময়ে পুরস্কৃত হতে সাহায্য করেছে। মূলত তার এই দয়া ও সেবা ছিল কোনো প্রতিদানের আশা ছাড়াই এক অকৃত্রিম মানবিক আচরণ।

বুড়ির বাড়িতে গিয়ে দুখু তার নম্রতা ও নির্লোভ মানসিকতার পরিচয় দেয়। বুড়ি তাকে পুকুরে ডুব দিয়ে আসতে বললে সে ডুব দেয় এবং সোনার গয়নায় ভরে ওঠে। কিন্তু এরপর বুড়ি যখন তাকে ঘর থেকে কাপড় ও খাবার নিতে বলেন, তখন দুখু দামি কিছু না নিয়ে সবচেয়ে সাধারণ কাপড় ও পান্তা ভাত পছন্দ করে। এমনকি পেটরা নেওয়ার সময়ও সে সবচেয়ে ছোট এবং তার হারিয়ে যাওয়া তুলার সমান পেটরাটি নেয়। তার এই ‘অল্পে তুষ্টি’র ভাবটিই প্রমাণ করে যে সে কতটা সৎ।

বুড়ির বাড়িতে দুখু ও সুখুর আচরণের মধ্যে চরম বৈপরীত্য দেখা যায়। দুখু বুড়ির কাছে গিয়ে নম্র ও মধুর কণ্ঠে তার কুশল জিজ্ঞাসা করেছিল এবং বুড়িকে সম্মান দিয়েছিল। অন্যদিকে সুখু ছিল চরম উদ্ধত; সে বুড়িকে ‘তুই’ বলে সম্বোধন করে তার জিনিস দ্রুত ফেরত চেয়েছিল। দুখুর চরিত্রে ছিল বিনয় ও তুষ্টি, আর সুখুর চরিত্রে ছিল চরম লোভ ও অহংকার। এই দুই বোনের আচরণের ভিন্নতাই তাদের পরিণতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল।

শিক্ষক মোস্তাফিজুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা এই বিশ্লেষণটি প্রদান করেছেন।