নরসিংদীর পলাশে কর্মস্থল থেকে ফেরার পথে সড়কে বেশ কিছু টাকা কুড়িয়ে পান পোশাকশ্রমিক কবির মিয়া। এক মাস ধরে চেষ্টা করেও প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে এবার মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে এক মাস আগে। বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে সড়কে ছড়িয়ে থাকা কিছু টাকা দেখতে পান কবির মিয়া। টাকাগুলো কুড়িয়ে নেওয়ার পর সেদিন রাত ৯টা পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মালিকের খোঁজ করেন তিনি। এরপর প্রতিদিন কারখানায় যাওয়া-আসার পথে অটোরিকশাচালক এবং সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের কাছে জানতে চান, কেউ টাকা হারিয়েছেন কি না। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও মালিকের কোনো হদিস পাননি তিনি।

গত শুক্রবার পর্যন্ত কেউ মালিকানা দাবি করে টাকাগুলো নিতে না আসায়, শেষ চেষ্টা হিসেবে এক হাজার টাকা খরচ করে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মাইকিং করান কবির মিয়া।

মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, “গত মাসে অক্টোবরের তিন তারিখ রোজ শনিবার ঘোড়াশাল থেকে দৃষ্টিনন্দন ও ফকিরার রাস্তা ধরে আসার পথে বেশ কিছু টাকা পাওয়া যায়। সঠিক তথ্য দিয়ে টাকাগুলো নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পূর্ব হাসনহাটার মরহুম সাহাজউদ্দিনের বাড়ির জামে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে।” এই ঘোষণার সাথে সাথে কবির মিয়া নিজের মুঠোফোন নম্বরটিও প্রচার করেন।

গতকাল দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন ও ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন সড়কে এই মাইকিং কার্যক্রম চালানো হয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মো. আকবর আলীর ছেলে কবির মিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। কুড়িয়ে পাওয়া টাকার সঠিক পরিমাণ প্রকাশ না করলেও তিনি জানান, টাকার অঙ্ক পাঁচ অঙ্কের ঘরে।

টাকাগুলো কেন খরচ বা দান করলেন না, সে বিষয়ে কবির মিয়া বলেন, “জানি না কার টাকা। হয়তো অনেক কষ্টের টাকা। অন্যের টাকা তো আমি খরচ করতে পারি না, আবার দানও করতে পারি না। ইমাম সাহেব কেউ আসে কি না, অপেক্ষা করে দেখতে বলায় এত দিন অপেক্ষা করেছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে ডাঙ্গার চরকা পোশাক কারখানা, ডাঙ্গা বাজার, ঘোড়াশালের ঘোড়া চত্বর ও ভিরিন্দা এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে কারখানার বিভিন্ন ফটকের সামনেও মাইকিং করা হয়। মাইকিংয়ে পুনরায় বলা হয়, “গত মাসে অক্টোবরের তিন তারিখ রোজ শনিবার ঘোড়াশাল থেকে দৃষ্টিনন্দন ও ফকিরার রাস্তা ধরে আসার পথে বেশ কিছু টাকা পাওয়া যায়। সঠিক তথ্য দিয়ে টাকাগুলো নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পূর্ব হাসনহাটার মরহুম সাহাজউদ্দিনের বাড়ির জামে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে।”

কবির মিয়া মুঠোফোনে মুক্তকণ্ঠকে জানান, গত ৩ অক্টোবর বিকেল পৌনে পাঁচটার দিকে ঘোড়াশাল–ডাঙ্গা সড়কের হাসনহাটা এলাকায় তিনি টাকাগুলো পড়ে থাকতে দেখেন। কুড়িয়ে নেওয়ার পরপরই এলাকাবাসীকে বিষয়টি জানান। রাত ৯টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও মালিককে না পেয়ে স্থানীয় মসজিদের ইমামের পরামর্শে কয়েক দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।

পরবর্তীতে তিনি জানতে পারেন, ওই দিন প্রাণ–আরএফএল গ্রুপের চরকা কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হয়েছিল। সেখানে গিয়েও তিনি মাইকে টাকা পাওয়ার কথা জানান। এছাড়া প্রতিদিনের যাতায়াতের পথেও খোঁজ নিতে থাকেন। কিন্তু এক মাস পার হয়ে গেলেও কেউ টাকা দাবি না করায় গতকাল মাইকিংয়ের উদ্যোগ নেন কবির।

টাকার প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে বিকল্প হিসেবেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তার এই নির্লোভ মানসিকতা ও সততা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

টাকাগুলো দান বা খরচ না করার কারণ জানতে চাইলে কবির বলেন, “জানি না কার টাকা। হয়তো অনেক কষ্টের টাকা। অন্যের টাকা তো আমি খরচ করতে পারি না, আবার দানও করতে পারি না। ইমাম সাহেব কেউ আসে কি না, অপেক্ষা করে দেখতে বলায় এত দিন অপেক্ষা করেছি।”

কবির মিয়া আরও জানান, মাইকিংয়ের জন্য কুড়িয়ে পাওয়া টাকা থেকেই এক হাজার টাকা ব্যয় করা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে যদি কেউ টাকাগুলো দাবি করতে না আসেন, তবে তা এতিমখানায় দান করা হবে।

পূর্ব হাসনহাটা বাইতুন নূর জামে মসজিদের ইমাম নাজমুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, টাকাগুলো কোনো শ্রমিকের বেতনও হতে পারে। কিন্তু প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালিকের সন্ধানে মাইকিং করা ছাড়া বিকল্প না পেয়ে কবির এ উদ্যোগ নেন। তাঁর ভাষ্য, “কবির সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্লোভ থেকে অন্যের সম্পদ ফেরত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি।”