স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতিধর্ম ও বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দেবে না। সবাই বাংলাদেশি। বাংলাদেশি আদর্শ ধারণ করে সবাইকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, পৃথিবীতে মা দুর্গার যেভাবে আগমন ঘটে, তা থেকে শিক্ষা নিয়ে সবাইকে সমাজের সব অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করতে হবে। একটি শান্তিপূর্ণ আবাস গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির কাছে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।