বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের বিগত ৪টি নির্বাচন ভুয়া ছিল। তিনি অভিযোগ করেন, ওই নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোটসহ ভোট কেন্দ্রে না যাওয়া মানুষের ভোটও আওয়ামী লীগের পক্ষে প্রদান করা হয়েছিল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্থানীয় সরকারমন্ত্রী জানান, বিএনপি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বস্ত করেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন। ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ পর্যন্ত সকল পর্যায়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি বলেন, বিএনপি কেবল ক্ষমতার টানে নয়, বরং জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে রাজনীতি করে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন, যার ইতিবাচক ফল দেশের ১৮ কোটি মানুষ ভোগ করবে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়া। দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।