নরসিংদীতে নিজের ভাড়া বাসায় নগ্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে পলাশ থানা পুলিশ। আটক ওই যুবকের বয়স ৪০ বছর। একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবক মূলত গাজীপুর জেলার কালীগঞ্জের বাসিন্দা। তবে তিনি তাঁর পরিবার নিয়ে নরসিংদীর মাধবদী এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

তদন্তকারী পুলিশ জানিয়েছে, ওই যুবক দীর্ঘ সময় ধরে মাধবদীর ওই ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন নগ্ন ভিডিও তৈরি করে আসছিলেন। পরবর্তীতে সেই ভিডিওগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রি করা হতো। ওই যুবকের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ার পর গোয়েন্দারা তাঁর ওপর নজরদারি শুরু করেন।

গোয়েন্দাদের এই নজরদারির বিষয়টি টের পেয়ে আজ দুপুরের দিকে ওই যুবক তাঁর পরিবারসহ মাধবদী ছেড়ে পলাশের ঘোড়াশাল এলাকায় বাসা বদল করার চেষ্টা করেন। তবে গোয়েন্দা সংস্থার একটি দল তাঁদের মালামাল বহনকারী গাড়িটি অনুসরণ করে নজরদারিতে রাখে। এরপর পলাশ থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।

ঘটনা প্রসঙ্গে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “ওই বাসা থেকে পর্নোগ্রাফি–সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। ওই যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”