রাজশাহীতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) এবং বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এর গোপনীয় তথ্য সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকার একটি ভাড়া বাসায় বসে তিনি বিভিন্ন নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রি করছিলেন। একই সঙ্গে বিভিন্ন মোবাইল সিমের এনআইডি, বিকাশ-নগদ নিবন্ধন, মোবাইলের লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএসসংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান বড়দিঘি এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের সিপিএসসি ও জয়পুরহাট সিপিসি-৩-এর যৌথ অভিযানে সেতু হোসেনকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ৩১টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে তিনি সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন এ অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি এবং পুলিশের সিডিএমএসের তথ্য সংগ্রহ করতেন বলে স্বীকার করেন। এ ছাড়া বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধ লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।