নওগাঁর মান্দায় এনআইডি, সিডিআর ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির অভিযোগে র‍্যাব-৫ এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর গ্রামের একটি কম্পিউটার ও অনলাইন সেবা কেন্দ্রে অভিযান চালিয়ে মো. আবদুস সালাম সরকার (২৬) নামের ওই যুবককে আটক করা হয়। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে 'সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট' নামক দোকানে কাজ করতেন আবদুস সালাম। র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালাম কয়েকজন সহযোগীর সাথে একটি চক্র গড়ে তোলেন। ডিজিটাল ডিভাইস ও অনলাইন আইডি ব্যবহার করে বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম স্বীকার করেছেন যে, এই তথ্যগুলো অর্থের বিনিময়ে সরবরাহ করা হতো। তবে কাদের কাছে এই তথ্য দেওয়া হয়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করার সময় সালাম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সার্ভারে প্রবেশের বিষয়ে ধারণা অর্জন করেন। তার মুঠোফোন পরীক্ষায় একাধিক সিডিআর এবং বিভিন্ন নম্বরের সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া গেছে। তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে তদন্ত চলছে।

এ ঘটনায় মান্দা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং তারা কতটা তথ্য সংগ্রহ করেছিল, তা তদন্তের পর স্পষ্ট হবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মুক্তকণ্ঠকে বলেন, "গ্রেপ্তার আবদুস সালামকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"