রাজশাহীর মাহিষবাথান এলাকা থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য, মুঠোফোন অবস্থান এবং কল ডিটেইল রেকর্ড (সিডিআর) অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে সেতু হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এর সার্ভারে বেআইনিভাবে প্রবেশ করতেন সেতু। সেখান থেকে সংগ্রহ করা বিভিন্ন গোপনীয় তথ্য ব্যক্তিগত কাজে ব্যবহার এবং অন্যদের কাছে বিক্রি করতেন তিনি। অভিযানে ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মুঠোফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে। র‍্যাবের সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন নিজের অপরাধ স্বীকার করেছেন। র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। বিভিন্ন মুঠোফোন সিমের এনআইডি-সংক্রান্ত তথ্য, বিকাশ ও নগদে নিবন্ধনের তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং খুদে বার্তার (এসএমএস) তালিকা সংগ্রহ করে তা বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার অভিযোগ রয়েছে।

পরবর্তীতে সেতু হোসেনকে রাজশাহী নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।