রাজশাহীর আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর প্রতিপক্ষের লোকজনের দ্বারা হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর পালানোর চেষ্টা করার সময় বেশ কয়েকজনকে আটক করে উপস্থিত লোকজন গণপিটুনি দেন এবং পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের। এই বিরোধের প্রেক্ষিতে তার দায়ের করা একটি মামলার অভিযুক্ত ব্যক্তিরা রোববার আদালতে হাজির হয়ে জামিন পান। আদালত ভবন থেকে বের হওয়ার পরপরই একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। এই অতর্কিত হামলায় তার মাথা ফেটে যায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে আদালতের পাশে অবস্থিত একটি খাবারের দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের আটক করে। একপর্যায়ে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আহত আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এর আগেও তাকে মারধর করে বাম হাত ভেঙে দিয়েছিলেন। ওই ঘটনায় তিনি মামলা করেছিলেন। রোববার সেই মামলার অভিযুক্ত ব্যক্তিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তার ওপর পুনরায় হামলা চালান।

তিনি আরও জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা করা হয় বলে দাবি করেন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই আইনজীবী।

এই বিষয়ে রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, “আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় আইনজীবীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ ঘটনায় মামলা করবেন।”

অন্যদিকে, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনই জানানো সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।