দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁদের আটক করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের মান্দার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার।

মান্দা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ওই ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশার পেছনে মাইক বেঁধে একজন চালক গাড়িটি চালাচ্ছেন এবং যাত্রীর আসনে বসে থাকা দুই ব্যক্তির একজন মাইকে কথা বলছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, “শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।” সেই সঙ্গে দল-মতনির্বিশেষে তাঁকে স্বাগত জানাতে সবাইকে আহ্বান জানানো হয়। সবশেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে মাইকিং শেষ করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত মাইকিংয়ের খবর পাওয়ার পর গতকাল রাতেই মান্দা থানা-পুলিশ মাঠে নামে। তদন্ত করে জানা গেছে, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আসলাম হোসেনসহ কয়েকজন ব্যক্তি রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে মাইকিং করেন এবং তা ভিডিও করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়।

গতকাল রাতেই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসে বলে উল্লেখ করে তারিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ও নবগ্রাম তালাপাড়া গ্রামের বাসিন্দা জলিল সরকারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিষয়টি জানেন মর্মে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে মাইকিংয়ে ব্যবহৃত অটোরেকর্ডিংটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

পুলিশ সুপার আরও জানান, এই মাইকিংয়ের ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।