দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি মনে করেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুর এলাকার মহাসড়ক সংলগ্ন ভূখণ্ডগুলো যে বাংলাদেশের অংশ এবং সেখানে কোনো সরকার বা অভিভাবক রয়েছে, তা বর্তমানে দৃশ্যমান নয়।
আজ বুধবার সকালে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের পর দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিষদের মূল্যায়ন তুলে ধরেন গোলাম পরওয়ার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারের স্থাপনাগুলো রক্ষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না।” তিনি আরও বলেন, “গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না। এ কারণে নির্বাহী পরিষদের এই চরম উদ্বেগ আমরা জাতির কাছে পেশ করছি। এটা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।”
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এই সংকটময় মুহূর্তে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে সামনে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে রাষ্ট্রপতির জরুরি ভূমিকা পালন করা উচিত বলে তিনি মনে করেন।
ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা
বর্তমান সংকটের মূল কারণ হিসেবে একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতার কথা উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি জানান, গণভোটের গণরায় অগ্রাহ্য করে সরকার যেভাবে দেশ শাসনের দিকে এগোচ্ছে, তাতে জামায়াতের নির্বাহী পরিষদ অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, পুলিশের ওপর হামলা হচ্ছে এবং গাড়ি ভাঙচুর করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পুলিশ অসহায়ভাবে পলাতকের মতো সরে গিয়ে বাঁচার চেষ্টা করছে।
আসন্ন ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানান গোলাম পরওয়ার। আগামীকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। এছাড়া আগামী শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছে দলটি।
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ
সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে বলে মনে করে জামায়াতের নির্বাহী পরিষদ। বৈঠকের আলোচনার কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, গতকাল রাতে প্রশাসনের অনেক কর্মকর্তা ফোন করে বলেছেন, “সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্যাডাররা বাংলাদেশে ঢুকবে বলে খবর পাওয়া যাচ্ছে, আপনারা আমাদের সাহায্য করবেন।”
তিনি অভিযোগ করেন, দেশের পুলিশ প্রশাসন বর্তমানে অসহায়। প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ এবং সাংবিধানিক পদগুলোতে এখনো ফ্যাসিস্টদের দোসররা অবস্থান করছেন, যারা নীরব ও নিষ্ক্রিয় থেকে আওয়ামী ফ্যাসিবাদের শক্তি পুনর্বাসনের চেষ্টা করছেন। নির্বাহী পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, সরকারকে এই চেষ্টা থেকে বিরত থাকতে হবে এবং ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
পাশাপাশি পোশাক শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, গার্মেন্ট খাতের সহিংসতার পেছনে কেবল শ্রমিকদের দাবি নেই, বরং এর পেছনে ফ্যাসিবাদ মদদদাতাদের চরম উসকানি রয়েছে। আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তিগুলো দেশকে ধ্বংস করতে এখানে মদদ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।