দেশের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে দাবি করা যৌক্তিক নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তে, বাইরে থেকে পরিচালিত হোক বা সম্মিলিতভাবে—কোনো ধরনের ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁদের দাবির প্রেক্ষিতেই সংসদে বিস্তারিত বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত কিছু দিন ধরে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে নানা চক্রান্ত চালানো হচ্ছে, যা অত্যন্ত দৃশ্যমান। তিনি বলেন, দেশের ভেতরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং এই তৎপরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রেগুলার আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য কিছু কিছু তথাকথিত কর্মসূচি সীমান্তের ওপার থেকে তারা ঘোষণা করে থাকে। আজকেও সে রকম একটা দিবস ছিল। তারা এটাকে নাকি ধর্মঘট নাম দিয়েছে। এগুলো সব সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে দেখা যায়, কিন্তু রাস্তার মধ্যে নাই।’
বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে মোট সাতটি ককটেল বিস্ফোরণ ঘটেছে, যার মধ্যে চারজনকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, গতকাল সিএমএম কোর্টের নিকটবর্তী এলাকায় তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে, তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আগামীকাল এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের ওপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না, মাননীয় স্পিকার। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক এবং হেলপার থাকেন না, ও রকম আনঅ্যাটেন্ডেড ভেহিকেলে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’
তিনি আরও বলেন, ‘সুতরাং এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।’ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যশীল ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই উদ্দেশ্যে দেশের ভেতরে প্রচুর বিনিয়োগ করা হলেও সরকার অত্যন্ত সফলতার সাথে সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।
সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। তবে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, ইনশা আল্লাহ এই দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বিরাজ করবে।