মাদারীপুরের রাজৈর উপজেলার শিক্ষা অঙ্গনে এক চরম সংকটের চিত্র ফুটে উঠেছে। এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শিক্ষার্থীদের ‘ইতালিমুখী চিন্তা’। উপজেলার অনেক পরিবারেরই কোনো না কোনো সদস্য ইতালিতে বসবাস করেন। এই সামাজিক প্রভাবের কারণে অনেক শিক্ষার্থী এসএসসি পাসের পর থেকেই পড়াশোনার চেয়ে ইতালি যাওয়ার বিষয়ে বেশি আগ্রহী হয়ে ওঠে। ফলে কলেজে ভর্তির পর তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না এবং পড়াশোনায় মনোযোগ দেয় না, যার সরাসরি প্রভাব পড়েছে তাদের পরীক্ষার ফলাফলে।
রাজৈর উপজেলার মোট সাতটি কলেজের কোনোটি থেকেই এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নেই। এই সাতটির মধ্যে তিনটি সরকারি কলেজ। সরকারি কলেজগুলোতে পাসের হার আশঙ্কাজনকভাবে কমেছে। বিশেষ করে রাজৈর সরকারি ডিগ্রি কলেজে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২৫ দশমিক ২৭ শতাংশে।
শিক্ষকদের মতে, অভিভাবকদের প্রবল চাপের মুখে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদেরও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তারা পরীক্ষায় বসায় ফলাফল এমন খারাপ হয়েছে। তবে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, নিয়মিত ক্লাস না করা এবং ইতালিতে পাড়ি জমানোর প্রবল আকাঙ্ক্ষাই এই ফল বিপর্যয়ের মূল কারণ।
মাদারীপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জলিল মিয়া গতকাল সোমবার মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, “২০১৫ সালের জুন থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারিভাবে মাদারীপুর থেকে ইতালিতে গেছেন ৯৬০ জন।”
অন্যদিকে, একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে মাদারীপুরের বিভিন্ন উপজেলা থেকে অবৈধ পথে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে গেছেন লক্ষাধিক মানুষ। এর মধ্যে শুধুমাত্র রাজৈর উপজেলা থেকেই ৭০ হাজারের বেশি তরুণ ইতালিতে পাড়ি জমিয়েছেন। রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের একটি গ্রাম বর্তমানে ‘ইতালি গ্রাম’ নামে পরিচিত, যেখান থেকে কয়েক হাজার তরুণ অবৈধভাবে ইতালিতে গেছেন।
পাস করেছেন মাত্র ৪৩৫ জন
রাজৈর উপজেলার ৭টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র ৪৩৫ জন, যা সামগ্রিক পাসের হার হিসেবে দাঁড়ায় ৩৭ দশমিক ১১ শতাংশ। বিভাগ অনুযায়ী, মানবিক বিভাগে ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩০ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছেন ৮৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন মাত্র ২১ জন, যেখানে অকৃতকার্য হয়েছেন ৪০ জন।
বেসরকারি চারটি কলেজের পাসের হার সরকারি কলেজের তুলনায় বেশি হলেও সেখান থেকেও একজন শিক্ষার্থীও জিপিএ-৫ পাননি। উল্লেখ্য, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় রাজৈর উপজেলা থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন এবং তৎকালীন পাসের হার ছিল ৪০ দশমিক ৫৫ শতাংশ।
পাসের হার ধারাবাহিকভাবে কমেছে
রাজৈর উপজেলা শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, ২০২২ সালে এই উপজেলায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ৬২ জন। ২০২৩ সালে পাসের হার কমে হয় ৫৯ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ৯ জনে। ২০২৪ সালে পাসের হার ছিল ৬৭ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ জন।
শিক্ষকদের দাবি, গত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফলাফল এসেছে। যদিও এবার সারা দেশের এইচএসসি পরীক্ষার ফলাফলেই মন্দাভাব দেখা গেছে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত রাজৈর সরকারি ডিগ্রি কলেজটি ২০১৬ সালে জাতীয়করণ করা হয়। অভিভাবকদের অভিযোগ, জাতীয়করণের পর থেকেই প্রতিষ্ঠানটির ফলাফলের মান কমছে। শিক্ষকসংকট, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাব এবং দুর্বল ব্যবস্থাপনাকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তাঁরা।
রাজৈর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা মুক্তকণ্ঠকে বলেন, “ফল খারাপ হওয়ার অন্যতম কারণ শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেয় না। নির্বাচনী পরীক্ষায় ফেল করার পরও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হয়। বিষয়টি দুঃখজনক। এ কারণে তাঁদের কলেজের ফল খারাপ হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের শিক্ষকসংকটও রয়েছে।”
রাজৈর উপজেলার লুন্দি সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু রয়েছে। এই দুই শাখায় মোট ৩৬ জন শিক্ষক কর্মরত। এবার প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ২৪ জন, অর্থাৎ পাসের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকদেব চন্দ্র বণিক মুক্তকণ্ঠকে বলেন, “ভৌগোলিক কারণে তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীও কম। যারা ভর্তি হয়, তাদের ৮০ শতাংশ মেয়ে, বাকি ২০ শতাংশ ছেলে। সবচেয়ে বড় সমস্যা, এই এলাকায় ছেলেরা ইতালি যাওয়ার জন্য সব সময় ব্যস্ত থাকে। তাদের পড়ালেখায় মনোযোগ নেই। মেয়েরাও ইতালিপ্রবাসী ছেলে পেলে বিয়ে করে। যে কারণে ফল ভালো হচ্ছে না। অথচ তাঁদের কলেজের ব্যবস্থাপনা ভালো। শিক্ষকেরও কোনো সংকট নেই।”
সরকারি কলেজের শিক্ষার মান, ব্যবস্থাপনা এবং শিক্ষকদের অনিয়মিত পাঠদানের কারণে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। কলেজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। লুন্দি এলাকার অভিভাবক শামীম আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, “সরকারি কলেজে ব্যবস্থাপনা ঠিক নেই। শিক্ষার্থীরা ভুল করলে শিক্ষকেরা তা ধরিয়ে দেবেন, অভিভাবকদের জানাবেন। এসব কলেজগুলোতে নেই।”
ইতালিমুখী চিন্তা
রাজৈরে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসন—সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ হিতেন চন্দ্র মণ্ডল। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “মুখস্থনির্ভর শিক্ষা কমিয়ে নিয়মিত মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগ নেওয়া গেলে পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে।”
রাজৈর উপজেলা সদরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার সাতজন পরীক্ষায় অংশ নিলেও কেউই পাস করতে পারেননি। ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অলিক কুমার ধর মুক্তকণ্ঠকে বলেন, “ছাত্ররা কলেজে তেমন আসে না। ছাত্রীরা কমবেশি আসে। আমাদের এখানে ভর্তি হওয়া ছাত্রদের ইতালিমুখী চিন্তা। তাদের কথা, লেখাপড়া করে কী লাভ? পাশের বাড়ির ছেলে ইতালি চলে গেছে, লাখ লাখ টাকা আয় করছে। এই চিন্তা থাকলে তারা ভালো ফল কীভাবে করবে?”