মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল চোরকে ধাওয়া করতে গিয়ে মেরজন শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২০ অক্টোবর বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ নামের এক ব্যক্তি। হুজুরের বেশ ধরে আসা ওই ব্যক্তি সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে দ্রুত পালিয়ে যান। দীর্ঘ চার দিন পর শনিবার সকালে টেকেরহাট বাজারে হঠাৎ হাসিবুলকে দেখতে পান মেরজন। তাকে ধরার জন্য তিনি দ্রুত ধাওয়া শুরু করেন। তবে ধাওয়া করার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা হাসিবুলকে আটক করে এবং তাকে মারধরের পর রাজৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। জানা গেছে, আটক হাসিবুল বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে। অন্যদিকে, নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে।

এই ঘটনার পর নিহতের বাড়ি পরিদর্শন করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।