মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা করে বিশেষ অভিযান চালিয়ে টেঁটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমগ্রাম এলাকায় দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি চলছে বলে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে রাজৈর থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদসহ পুলিশ সদস্যরা অংশ নেন। তল্লাশির সময় আমগ্রাম এলাকার বিভিন্ন স্থান থেকে টেঁটা, ঢাল, রামদা ও কাতিসহ প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের এই আকস্মিক তৎপরতায় সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। তবে ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "রাজৈর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।"