মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে মেরজন শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার টেকেরহাট বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত মঙ্গলবার মেরজন শেখের বাড়িতে সাহায্য চাইতে এসে হাসিবুল খাঁ নামের এক ব্যক্তি তাঁর একটি মুঠোফোন চুরি করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। আজ শনিবার সকালে টেকেরহাট বাজারে ওই ব্যক্তিকে দেখতে পেয়ে মেরজন শেখ তাঁকে ধরার জন্য ধাওয়া করেন। তবে ধাওয়া করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং এর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত হাসিবুল খাঁকে ধরে ফেলে এবং তাঁকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশি তথ্যানুসারে, হাসিবুল বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
ঘটনার পর রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ব্যক্তিগতভাবে মেরজন শেখের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, “একটি মাদ্রাসার জন্য সাহায্য চাইতে গিয়ে হাসিবুল নামের ওই ব্যক্তি ফোন চুরি করেন বলে অভিযোগ করেন মেরজন শেখের স্বজনেরা। পরে তাঁকে আজ বাজারে দেখতে পেয়ে ধাওয়া করতে গেলে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। সম্ভবত হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”