ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছেন। শপথ গ্রহণের পর তাদের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো সরকার গঠনের লক্ষ্যে জোটের সদস্যদের চূড়ান্ত করা। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছেন।
জোট গঠন প্রক্রিয়ায় সফল হলে আইজেনকট বিষয়টি প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের স্পিকারকে অবহিত করবেন। এরপর আগামী সাত দিনের মধ্যে সরকার গঠনের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করতে হবে। ওই অধিবেশনে আইজেনকটের প্রস্তাবিত সরকারকে আস্থা ভোটে পাস হতে হবে।
সাবেক সেনাপ্রধান থেকে রাজনীতিতে আসা গাদি আইজেনকটকে গত রোববার সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেছেন প্রেসিডেন্ট হারজগ। এই দায়িত্ব পালনের জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন। তবে প্রয়োজন হলে প্রেসিডেন্ট হারজগ এই সময়সীমা আরও ১৪ দিন বৃদ্ধি করতে পারেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন জোট মোট ৪৮টি আসন লাভ করেছে। অন্যদিকে, উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। যদি দুই আরব দলের ১৯টি আসন যোগ হয়, তবে আইজেনকটের পক্ষে দাঁড়াবে মোট ৬৭ জন সদস্য। তবে তাঁর জোটের এক শরিকের সাত সদস্য যদি সমর্থন প্রত্যাহার করেন, তবে সেই সংখ্যাটি নেমে আসবে ৬০-এ। উল্লেখ্য, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ন্যূনতম ৬১ জনের সমর্থন প্রয়োজন।
আরবদের সমর্থনে লিবারম্যানের আপত্তি
গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে আরব নেতৃত্বাধীন দল রাআম ৮টি এবং জয়েন্ট লিস্ট ১১টি আসন জিতেছে। এই দুই দল ও জোট আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। তারা মন্ত্রিসভায় সরাসরি যোগ না দিয়েও আস্থা ভোটে তাঁকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আইজেনকট অন্য দলের সমর্থনে একটি সংখ্যালঘু সরকার গড়ার পরিকল্পনা করছেন।
তবে আইজেনকটের জোটের ডানপন্থী নেতা অ্যাভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন যে, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকারে তাঁর দলের সাত সদস্য যোগ দেবেন না। এএফপির প্রতিবেদন অনুযায়ী, আরবদের সমর্থনে সরকার গঠিত হলেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতভেদের কারণে তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
ধর্মীয় দলগুলোর সঙ্গে দর-কষাকষি
বেনিয়ামিন নেতানিয়াহুর পুরোনো মিত্র শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) মোট আসন সংখ্যা ১৩টি। অতিরক্ষণশীল এই দুই ইহুদি দলের সমর্থন পাওয়া গেলে আইজেনকটের জোট ঠিক ৬১ সদস্যের সংখ্যায় পৌঁছাবে। তবে এই দলগুলোর দাবি হলো, ধর্মীয় শিক্ষার্থীরা যেন বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পান। এর বিপরীতে আইজেনকট তাঁদের জন্য বেসামরিক জাতীয় সেবার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছেন।
দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, এই সমস্যার সমাধান হলে শাস দল আইজেনকটকে সমর্থনের কথা বিবেচনা করতে পারে। তবে দলটি চায়, নেতানিয়াহুর শিবির ছাড়ার প্রথম পদক্ষেপটি নিক ইউটিজে।
এদিকে, আজ নেসেটের উদ্বোধনী অধিবেশনে স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন কাউকে বসানোর উদ্যোগ নিয়েছে আইজেনকটের দল ইয়াশার। এই উদ্যোগে সমর্থন পাওয়ার লক্ষ্যে ইয়াশার ইতিমধ্যে দুই দলকেই চিঠি পাঠিয়েছে।
নেতানিয়াহুর ভরসা কোথায়
গাদি আইজেনকট এবং বেনিয়ামিন নেতানিয়াহু—উভয়েই জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়েছেন। তবে সমস্যা হলো, দুজনই সেই সরকারের নেতৃত্ব দিতে আগ্রহী। নতুন নির্বাচন এড়াতে জাতীয় ঐক্যের সরকারের বিষয়টি পুনরায় আলোচনায় আসতে পারে। প্রেসিডেন্ট হারজগও এমন ধরনের সরকারকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছেন।
যদি আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হন, তবে সেই সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। তবে তাঁর জোটও সংখ্যাগরিষ্ঠতা পেতে আটটি আসন কম রয়েছে। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অন্য কাউকে মনোনয়ন দিতে পারবেন। সব শেষ চেষ্টাতেও সরকার গঠন সম্ভব না হলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকারই চালাবেন নেতানিয়াহু।