প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে এবার পার্লামেন্ট নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। নির্বাচন পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট হারজগ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।

প্রেসিডেন্ট হারজগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকটকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (আজ) আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে কে নতুন সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। এই সময়ে নেতানিয়াহুও জোট সরকার গঠনের জন্য নানা তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন।

ইসরায়েলে সরকার গড়তে হলে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। বর্তমানে আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে ৬৭ জন সদস্য রয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৪৬ জন আইনপ্রণেতা। আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকটের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের নীতিগত দাবি আদায় কিংবা মন্ত্রীর পদ পাওয়া নিয়ে আলোচনা ও দর–কষাকষি করবে। প্রধানমন্ত্রী পদে মনোনীত প্রার্থী হিসেবে আইজেনকট সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার চেষ্টা করবেন।

তবে এই প্রক্রিয়ায় আইজেনকট ব্যর্থ হতে পারেন। তেমনটি হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য আরেকজন সদস্যকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানাবেন। সেই ব্যক্তিও নিয়ম অনুযায়ী ২৮ দিন সময় পাবেন।

নতুন মনোনীত প্রার্থীও যদি ব্যর্থ হন, তবে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। ওই ব্যক্তিকে সরকার গড়তে ১৪ দিন সময় দেওয়া হবে। এরপরও যদি রাজনৈতিক অচলাবস্থা বজায় থাকে, তবে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে দেওয়া হবে এবং ইসরায়েলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। এই অন্তর্বর্তী সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন নেতানিয়াহু।

নেসেটের মোট আসন ১২০টি, যার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পাওয়া আবশ্যক। ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন লাভ করেছে। অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে।

যদিও আরব নেতৃত্বাধীন দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন না বলে আগেই জানিয়েছেন আইজেনকট। তবে আরবদের সমর্থন নিশ্চিত হলে তাঁর জোটের মোট আসন সংখ্যা দাঁড়াবে ৬৭টিতে।

উল্লেখ্য, লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। গত তিন দশকে নানা রাজনৈতিক সংকট মোকাবিলা করে তিনি ক্ষমতার কেন্দ্রে টিকে আছেন।