ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের ইতি টানার সুযোগ পেয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে সাবেক এই সেনাপ্রধানকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেছেন। আজ রোববার এই দায়িত্ব গ্রহণ করার পর আইজেনকট জানান, ‘যে কারও জন্য আমার দরজা খোলা।’

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো একক দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ফলে সরকার গঠনের জটিল সমীকরণের মুখোমুখি হয়ে আইজেনকট এই প্রক্রিয়া শুরু করেছেন। তিনি এমনকি নেতানিয়াহুর জোটভুক্ত দলগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। সরকার গঠনের জন্য তাকে মোট ২৮ দিন সময় দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এক জরুরি পরিস্থিতির মধ্যে আছি। ইসরায়েল রাষ্ট্র এমন এক জায়গায় যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার উপায় নেই। আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। এর জন্য সৃজনশীল এবং ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজন হবে।’

নেতানিয়াহুর শাসনামলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে বলে উল্লেখ করে আইজেনকট বলেন, ‘আমরা এক ভয়াবহ কূটনৈতিক সংকটের মধ্যে আছি। এমনকি আমাদের নিকটতম বন্ধু ও কৌশলগত মিত্ররাও বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আবার বিবেচনা করা দরকার।’

আইজেনকট কেবল নেতানিয়াহুর লিকুদ পার্টিই নয়, বরং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের অতি ডানপন্থী পার্টিকেও তাঁর সরকারে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর স্পষ্ট শর্ত হলো, প্রধানমন্ত্রী হিসেবে কেবল তিনিই দায়িত্ব পালন করবেন।

এই প্রসঙ্গে আইজেনকট বলেন, ‘বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে বোঝেন, এমন যে কারও জন্য আমার দরজা খোলা এবং আমার হাত আন্তরিকভাবে ও সানন্দে প্রসারিত।’

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, আইজেনকটের নেতৃত্বাধীন জোট মোট ৪৮টি আসন লাভ করেছে। এর সঙ্গে আরব নেতাদের নেতৃত্বাধীন দল রাআম এবং জোট জয়েন্ট লিস্টের ১৯টি আসন যুক্ত হলে মোট আসন সংখ্যা দাঁড়ায় ৬৭টি। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা ৬১টি। তবে আরবদের সমর্থনে সরকার গঠনের বিষয়ে আইজেনকটের জোটের শরিক দলগুলোর মধ্যে আপত্তি রয়েছে। অন্যদিকে, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতানিয়াহু বিরতি দিয়ে প্রায় দুই দশক ধরে দেশ শাসন করেছেন। এবারের নির্বাচনে তাঁর লিকুদ পার্টি সর্বোচ্চ ২৭টি আসন পেলেও ধর্মীয় ও জাতীয়তাবাদী মিত্রদের নিয়ে তাঁর জোটের মোট আসন সংখ্যা ৫৩টি। তবে এই জোটের অন্যতম দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জানিয়েছে যে, তারা কোনো পক্ষকেই সমর্থন দিচ্ছে না। ইউটিজের সাতটি আসন থাকায় এই সিদ্ধান্তের ফলে সরকার গঠনের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছেন নেতানিয়াহু।