কুড়িগ্রামের চিলমারী উপজেলার এক তরুণের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন। তার সেই স্বপ্নের পরিধি কেবল নিজের জেলার সীমানায় সীমাবদ্ধ নয়, বরং তা বিস্তৃত গোটা পৃথিবীতে। প্রযুক্তির এই যুগে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের কাজ করা যখন সম্ভব, তখন কুড়িগ্রামের একজন তরুণ হয়ে কেন বিশ্বজয়ের স্বপ্ন দেখা যাবে না? তার মতে, জেলার মেধাবী তরুণদের সম্ভাবনা যেন বেকারত্বের কাছে পরাজিত না হয়।
নিজের পরিচয় দিয়ে তিনি জানান, তার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার মণ্ডলপাড়ায়। বর্তমানে তিনি চিলমারী সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে অধ্যয়নরত। তার বাবা রুহুল আমিন জিয়া একজন ব্যবসায়ী এবং মা মোছা. শাপলা সরকার একজন গৃহিণী। পড়াশোনার পাশাপাশি তিনি চিলমারীর ‘পণ্ডিত বইমেলা’ উদ্যাপন কমিটির কিশোর সংগঠক হিসেবে সক্রিয়। বই পড়া, মানুষকে জানা এবং চারপাশের পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে তিনি ভাবেন, তার প্রজন্ম কেমন বাংলাদেশ চায় এবং কেমন পৃথিবীতে তারা বেঁচে থাকতে চায়।
জেন–জি প্রজন্মের একজন হিসেবে তিনি মনে করেন, তাদের স্বপ্ন কেবল একটি চাকরি পাওয়া কিংবা মোটামুটিভাবে বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যেখানে তরুণদের কথা শোনা হবে, মেধার মূল্যায়ন হবে, আর পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে কাউকে পিছিয়ে পড়তে হবে না।” তার স্বপ্নের বীজ রোপিত হয়েছে চিলমারীতে, তবে এর সীমানা এখন পুরো পৃথিবী। তিনি বিশ্বাস করেন, একদিন এই জনপদের তরুণেরাও বিশ্বমানের গবেষণায় অবদান রাখবেন এবং মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় যুক্ত হবেন।
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাস তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। পরবর্তীতে আন্দোলনের চিলমারী উপজেলা সমন্বয়কের দায়িত্বও পালন করেন। সেই দিনগুলোর অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে, পরিবর্তন কেবল চাওয়ার বিষয় নয়, বরং পরিবর্তনের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে হয়।
শেখ হাসিনার সরকারের পতন তাকে এক বিশেষ শিক্ষা দিয়েছে। তিনি মনে করেন, ক্ষমতা যত শক্তিশালীই হোক না কেন, জনগণের সম্মিলিত শক্তিকে উপেক্ষা করা সম্ভব নয়। এক সময় মনে করা হতো রাজনীতি কেবল বয়স্কদের বিষয় এবং নেতৃত্ব নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর জন্য সংরক্ষিত। তরুণরা সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
নেপালসহ বিভিন্ন দেশের তরুণদের আন্দোলন তাকে গভীরভাবে ভাবায়। তিনি উপলব্ধি করেছেন, রাজনীতি থেকে দূরে থাকলে নিজেদের ভবিষ্যৎ অন্যের হাতে ছেড়ে দেওয়া হয়। তিনি এমন এক রাজনীতির প্রত্যাশা করেন, যেখানে ক্ষমতা হবে মানুষের সেবা করার দায়িত্ব, ব্যক্তিগত সম্পদ নয়। তার মতে, ভিন্নমত প্রকাশের কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে না এবং রাজনৈতিক বিরোধের কারণে প্রাণ দিতে হবে না। তিনি বিশ্বাস করেন, তরুণেরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিলে সমাজ পরিবর্তনের সুযোগ বাড়বে।
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যেখানে তরুণদের কথা শোনা হবে, মেধার মূল্যায়ন হবে, আর পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে কাউকে পিছিয়ে পড়তে হবে না। আমার স্বপ্নের শুরু চিলমারী থেকে, কিন্তু এর সীমানা গোটা পৃথিবী।”
চাকরির পেছনে না ছুটে কাজের এক নতুন পৃথিবীর কথা বলেন এই তরুণ। আমাদের সমাজে পড়াশোনা শেষে সরকারি চাকরি পাওয়াকে সাফল্যের প্রধান মাপকাঠি মনে করা হয়। কিন্তু তার মতে, সাফল্যের পথ কেবল একটি নিয়োগপত্রের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। কুড়িগ্রামের অনেক তরুণ চাকরির অপেক্ষায় দিন গুনছেন এবং চিলমারীতে কর্মসংস্থানের অভাব প্রকট। কেউ কাজের খোঁজে ঢাকায় যান, আবার কেউ পাড়ি জমান বিদেশে।
তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন, যেখানে চিলমারীতে বসেই কেউ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করবেন, আবার কেউ হয়তো নাসার সঙ্গে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণার স্বপ্ন বাস্তবায়ন করবেন। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দ্রুতগতির ইন্টারনেট এবং গবেষণার পর্যাপ্ত সুযোগ।
তিনি মনে করেন, তরুণদের কেবল চাকরি খুঁজলে চলবে না, বরং চাকরি তৈরির উদ্যোগ নিতে হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানভিত্তিক উপায়ে নদীভাঙন মোকাবিলা এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলার মাধ্যমে কুড়িগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব। স্থানীয় সমস্যার সমাধানে স্থানীয় তরুণেরাই হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা ও উদ্ভাবক।
চিলমারী নদীবন্দর নিয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। একসময় এই বন্দরের বাণিজ্যের যে সম্ভাবনা ছিল, আধুনিক পরিকল্পনা ও অবকাঠামোর মাধ্যমে তা পুনরায় কাজে লাগানোর কথা বলেন তিনি। নদীপথে পণ্য পরিবহন বৃদ্ধি এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহনসেবা ও শিল্পকারখানা গড়ে উঠতে পারে।
পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দর চালু করা এবং সড়ক, রেল ও নৌ যোগাযোগ উন্নত হলে উত্তরাঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে। ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরকে কার্যকরভাবে ব্যবহার করে ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কুড়িগ্রাম কেবল প্রান্তিক জেলা হিসেবে নয়, বরং আঞ্চলিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
জেন–জির পৃথিবী তার কাছে কেবল প্রযুক্তির নয়, বরং এটি ন্যায়বিচার, সমান সুযোগ, মানবিকতা ও জবাবদিহির পৃথিবী। তিনি জানেন, এই পরিবর্তন রাতারাতি আসবে না। নদীবন্দর সচল করা, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের প্রয়োজন হবে। প্রযুক্তিনির্ভর পৃথিবীতে এগিয়ে যেতে নিজেদের দক্ষ হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
চিলমারীর একজন তরুণ হিসেবে তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন, যেখানে রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য এবং শিক্ষা খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। তিনি আশাবাদী যে, একদিন এই জনপদের তরুণেরাও বিশ্বমানের গবেষণায় অবদান রাখবেন এবং মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় যুক্ত হবেন। তখন চিলমারী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কেবল মহাকাশের দূরত্ব থাকবে না, বরং তা হয়ে উঠবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য প্রতীক।
অনুলিখন: জাহানুর রহমান, কুড়িগ্রাম