চিলমারী নদীবন্দরের ব্যস্ত বাজারে নূর আলমের সঙ্গে আলাপ হয়। তাঁর স্থায়ী ঠিকানা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়ায়। ৪০ বছর বয়সী এই মানুষটির মতো এই অঞ্চলের আরও অনেক মানুষই জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার আশায় দেশান্তরি হন।

প্রায় ২৭-২৮ বছর আগে প্রথমবার চাচার সঙ্গে সীমান্ত পেরিয়ে আসামে মাছ ধরতে গিয়েছিলেন নূর আলম। সেই সময়ে বর্তমানের মতো পাসপোর্ট-ভিসার এত কঠোর নিয়মকানুন ছিল না। তাঁর গ্রামের অনেক মানুষই নিয়মিত আসামে মাছ ধরতে যেতেন এবং তাঁদের সঙ্গে ছোট ছোট ছেলেরাও যেত। নৌকা ও বাসে প্রায় দুই দিনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁরা আসামের জোড়হাটে পৌঁছাতেন।

কেন তাঁরা জোড়হাটকেই বেছে নিতেন? এই প্রশ্নের উত্তরে নূর আলম বলেন, “একেকজন একেক জায়গায় মাছ ধরতে যান। তাঁদের বাপ-দাদারা জোড়হাটে মাছ ধরতেন। সেখানকার মানুষ ভালো।”

এর পেছনে আরেকটি বিশেষ কারণ ছিল। জোড়হাটে জলমহালের মালিক সাধারণত একজনই থাকেন, যেখানে অন্য জায়গায় চার-পাঁচজন মালিকের ভাগ থাকে। একজন মালিক হলে জেলেদের ভাগে মাছ বেশি পড়ে। নূর আলম জানান, মাছ বিক্রির টাকার ৪০ শতাংশ পান জলমহালের মালিক এবং বাকি ৬০ শতাংশ পান জেলেরা।

চিলমারীতেও ব্রহ্মপুত্র নদী আছে, আসামেও আছে। তবুও কেন তাঁরা আসামে যেতেন? নূর আলমের ব্যাখ্যা অনুযায়ী, মাছ উজানের দিকে চলে যায়। এছাড়া আসামে নদীর মাছ রক্ষায় বছরের নির্দিষ্ট কিছু মাস মাছ ধরা নিষিদ্ধ থাকে, ফলে নদীর ধারে বন ও জলাভূমিতে মাছ বড় হওয়ার সুযোগ পায় এবং মাছের পরিমাণও বেশি হয়। পাশাপাশি সেখানে চাল ও সবজির দাম তুলনামূলক কম। মাছ ধরার জন্য নৌকা ভাড়া নিতে হলেও জাল তাঁদের নিজেদেরই থাকে।

যখন মাছ ধরা নিষিদ্ধ থাকে, তখন তাঁরা বাড়ি ফিরে আসেন। ফেরার সময় নিজেদের জাল পরিচিত লোকজনের বাড়িতে রেখে যান, যাতে পরের মৌসুমে পুনরায় ব্যবহার করা যায়।

দলবেঁধে মাছ ধরে নূর আলম ও তাঁর সঙ্গীরা কখনো এক লাখ, কখনো দুই লাখ, এমনকি পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করেছেন। কিন্তু দীর্ঘ বছরের এই উপার্জনের পরেও নূর আলমের জীবনে সুখ বা স্বস্তি আসেনি। তাঁর ছেলে জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী এবং স্ত্রীও দীর্ঘকাল অসুস্থ। স্ত্রী ও সন্তানের চিকিৎসার পেছনে তাঁর প্রায় ১৪-১৫ লাখ টাকা খরচ হয়ে গেছে।

নিজের কোনো জমিজমা বা ঘর ছিল না তাঁর। বড় ভাইয়ের দেওয়া সাড়ে তিন শতক জমিতে একটি ছোট ঘর তুলেছেন। বড় মেয়ের বিয়ে দিয়েছেন, আর ছোট মেয়ের বয়স এখন মাত্র এক বছর। বর্তমানে তিনি বেকার এবং জীবনধারণের জন্য মাঝেমধ্যে বালুর ট্রলারে কাজ করতে যান।

অন্যদিকে, আদমের জীবনকাহিনী সম্পূর্ণ ভিন্ন। আদমের বয়স ৩৬ বছর, তাঁর বাবা রফিকুল ইসলাম। বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ ডাক্তারপাড়ায়। বর্তমানে তিনি কুড়িগ্রাম শহরের ঐশী রেস্তোরাঁয় কাজ করছেন। বাবুর্চি হিসেবে তিনি এতটাই দক্ষ যে কুড়িগ্রামের মতো শহরেও দৈনিক দেড় হাজার টাকা মজুরি পান। মাসে তাঁর আয় প্রায় ৪৫ হাজার টাকা। আগামী মাস থেকে তাঁর দৈনিক মজুরি বেড়ে ২ হাজার ১০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থায়ী চাকরির পাশাপাশি প্রতি মাসে বিয়ের রান্নার কাজও পান তিনি। গড়ে চার-পাঁচটি বিয়ের অনুষ্ঠানে কাজ করে প্রতিবার পাঁচ হাজার টাকা করে মজুরি পান। বিয়ের রান্না থেকে মাসে আরও ২০-২৫ হাজার টাকা বাড়তি আয় হয়, যা তিনি সঞ্চয় করে রাখেন।

আদমের ভাষায়, “সরকারি চাকরিতে যেমন পেনশন থাকে, আমারও তেমন। আমি চাকরি ছেড়ে দিয়ে কী করব? বাড়িতে যেগুলো দিয়েছি, সেগুলো তো কাজের মধ্যেই বন্ধ। কিছু একটা করতে চাইলে মা বলবে, এটা করা ঠিক হবে? আব্বা বলবে, আচ্ছা থাক। ছোট ভাই মন খারাপ করবে। আর নিজের পুঁজি দিয়ে যখন কিছু করতে চাইব, তখন কেউ কিছু বলবে না। আল্লাহপাক সুস্থ রাখলে দুই বছর পর বাড়িতে যাব।”

আদমের বাড়ি ছাড়ার গল্পটি বেশ করুণ। ২০০২ সালে মাত্র ১১ বছর বয়সে বাড়িতে একটি কাজ করতে বলা হলে তিনি তা করেননি। অভাবের সংসার ছিল, সারা দিন ঠিকমতো খাওয়া হতো না। বাড়ি থেকে বেরিয়ে তারাগঞ্জ বাজারে দুই দিন কাটানোর পর তৃতীয় দিন রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর দিনাজপুর, রংপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও গাইবান্ধা ঘুরে অবশেষে তিনি কুড়িগ্রামে এসে পৌঁছান।

শৈশবে রংপুর-দিনাজপুরের কথা জানতেন না তিনি। রংপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ভুল করে পৌঁছে গিয়েছিলেন দিনাজপুরে। সেখানে একটি হোটেলে ১০-১২ দিন কাজ করেন। বাসস্ট্যান্ডের পাশে ‘মায়ের দোয়া’ নামের একটি ছোট রেস্তোরাঁয়ও কাজ করেছেন। সেখানকার মালিক তাঁকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। তবে সেখান থেকে তিনি পুনরায় বাসে চড়ে রংপুরে ফিরে যান।

তখন অনেক জায়গা ঘুরে দেখার প্রবল ইচ্ছা ছিল তাঁর। ঘুরতে ঘুরতে টাকা শেষ হয়ে গেলে তিনি হোটেলে কাজ শুরু করেন। রাতে দায়িত্ব পালন করতেন এবং বিকেলে অবসর সময়ে ঘুরে বেড়াতেন।

আদমের পরিবারে কোনো জমিজমা ছিল না। একটি হালের গরু ছিল, সেটিও ছিল দাদাদের। চাচার সংসার আলাদা ছিল, তাঁদের সংসারও আলাদা। থাকার জন্য ছিল একটি ছোট খড়ের ঘর। ঘরের একদিকে হাঁস-মুরগি থাকত এবং অন্যদিকে বাবা-মায়ের সঙ্গে তিন ভাইবোন থাকতেন।

আদমের ভাষায়, “বৃষ্টির দিনে বৃষ্টি সরাসরি আমাদের গায়ে পড়ত। ঝড়-তুফান হলে খাটের নিচে ঢুকতাম, এই বুঝি ঘর ভেঙে পড়ে!”

সেই দুঃসময় এখন অতীত। আল্লাহর রহমতে এখন তাঁরা পাকা বাড়িতে থাকেন। পাঁচ-ছয় বছর পর তাঁর বাবাও বাড়ি ফিরে এসেছেন। বর্তমানে সংসারের মূল চালিকাশক্তি তাঁর মা। টিনের ঘর করার পর বোনের বিয়ে দিয়েছেন এবং দুই ভাই কর্মক্ষম হয়েছেন। এখন তাঁদের চার ঘরের ছাদঢালাই বাড়ি এবং প্রায় ৬০ শতক জমি আছে, যার ৫১ শতক ধানের জমি এবং বাকিটা বাড়িভিটা।

কষ্টের জীবন পেরিয়ে আদমের এই সাফল্যের পেছনে দুটি প্রধান কারণ—ক্ষুধা এবং মায়ের কষ্ট। তাঁর কথায়, “মা একমুঠো ভাত যেভাবে জোগাড় করে এনে দিতেন, তা ভোলার নয়। অনেক সময় আমাদের খাইয়েছেন, নিজে খাননি। এমন দিনও গেছে, ভাত ছিল না। মা আঁটিকলা সেদ্ধ করে খাইয়েছেন। মায়ের এই স্মৃতিগুলো ভোলার মতো নয়।”

আদম মনে করেন, তাঁর সাফল্যের পেছনে ওস্তাদ আশরাফের বড় অবদান রয়েছে। তিনি বলেন, “অনেক ওস্তাদের কাছে কাজ শিখেছি। কিন্তু শেষ দিকে এমন একজন ওস্তাদ পেয়েছিলাম, যিনি আমাকে ছেলের মতো দেখেছেন। নিজের হাতে যত্ন করে শিখিয়েছেন। এক প্লেটে ভাত খাইয়েছেন।”

আশরাফ ওস্তাদ তাঁকে গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি হোটেল উদ্বোধনের জন্য পাঠিয়েছিলেন। হোটেলটি খুব ভালো চলত এবং প্রতিদিন দুই বস্তা করে চাল শেষ হতো। পরবর্তীতে ওস্তাদের দোয়ায় আদম চারটি দোকান উদ্বোধন করেছেন—কুড়িগ্রামে দুটি, নারায়ণগঞ্জে একটি এবং সুন্দরগঞ্জে একটি। সবগুলোই বর্তমানে সফলভাবে চলছে।

নূর আলম ও আদম—দুজনই নিজ নিজ পেশায় দক্ষ এবং ভালো আয় করেছেন। কিন্তু একজনের সঞ্চয়ের খাতা শূন্য, আর অন্যজনের খাতা পূর্ণ। আয়ের পরিমাণের চেয়ে বড় প্রশ্ন হলো, সেই আয় ধরে রাখা যাচ্ছে কি না। কারও ভাণ্ড কেন ফুটো আর কারও ঝুড়ির তলা কেন নেই—এই প্রশ্নের উত্তর না খুঁজলে মাথাপিছু আয় কিংবা জিডিপির সব তত্ত্বই ফাঁকা কলসির মতো বাজতে থাকবে। এই দুই জীবনচিত্র আমাদের রাষ্ট্রের ভেতরের সেই শূন্যতা বা ফুটোটি উন্মোচন করে।

—নাহিদ হাসান: লেখক ও সংগঠক