পবিত্র ফজরের নামাজ শেষ করেই ব্রহ্মপুত্র নদের দিকে দৃষ্টি দেন অপিয়ল। পানির উচ্চতা বাড়ছে না কমছে কিংবা বাতাসের গতি কোন দিকে, তা দেখেই তিনি ঠিক করেন সারাদিনের কাজের পরিকল্পনা। বয়স এখন ৭৩ বছর। নামের আগে বা পরে কোনো উপাধি নেই। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চর বজরা দিয়ারখাতায় তাঁর জন্ম, আর জীবনের অধিকাংশ সময় কেটেছে এই চরেই। তবে জীবনটা সহজ ছিল না; ব্রহ্মপুত্রের করাল গ্রাসে তিনি জীবনে মোট ১২ বার বসতভিটা হারিয়েছেন। ২০২৫ সালেও নদী এই বসতভিটা ভেঙেছে। এবারের ভাঙনে ভিটার একাংশ এবং ধানের জমির কিছু অংশ তলিয়ে গেছে। যদিও দুই বছর আগে তিনি ছেলের জন্য চিলমারী উপজেলা শহরে একটি বাড়ি তৈরি করেছেন, তবুও তিনি নিজে এই চর ছাড়তে রাজি নন।

প্রতিদিন ঘুম থেকে উঠে দিনটি কীভাবে শুরু হয়, সেই প্রশ্নে অপিয়ল বলেন, “চরের মানুষ সকালে উঠিয়ায় আগত নদীর পারত যায়। চারদিক ছায়া দেখে রাতে কার বাড়ি ভাঙিল আর কার জমির ফসল ডুবি গেল। এই চর ভাঙলে কোন চরে বাড়ি নেমো, এই ভাবতে ভাবতে জমির কাজকাম শুরু করি।”

অপিয়লের পারিবারিক ইতিহাস কষ্টের। তাঁর বাবা ছনদ্দি মুন্সি পাকিস্তান আমলে ৬০ বিঘা জমির মালিক ছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার প্রায় ১০ বছর পর কয়েক বছরের তীব্র নদী ভাঙনে সেই সব জমি ব্রহ্মপুত্রের পেটে চলে যায়। সেই সময়ে অপিয়লের ঘরে নতুন বউ। এক সচ্ছল পরিবার রাতারাতি নিঃস্ব হয়ে পড়ে। জীবন বাঁচাতে অন্যের জমিতে মাটি কাটা এবং দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতে থাকেন তিনি। চরম অভাবের সেই দিনগুলোতে একটি গাভী কেনেন তিনি। বাছুর হওয়ার পর দুধ বিক্রি শুরু হয়। অপিয়ল যখন অন্যের বাড়িতে দিনমজুরি করতেন, তখন তাঁর স্ত্রী বানেছা বেগম গাভির যত্ন নিতেন এবং সংসারের দেখাশোনা করতেন। দুধ বিক্রি এবং মজুরির টাকা অল্প অল্প করে জমিয়ে ১৯৯৫ সালে তিনি দুই বিঘা জমি কিনতে সক্ষম হন। তবে ২০২৫ সালের নদী ভাঙনে সেই কেনা জমির একাংশ হারিয়ে গেছে।

স্বামীর সাথে কাটানো সেই অভাবের দিনগুলোর কথা বানেছা বেগমের স্মৃতিতে এখনো অমলিন। তিনি বলেন, “বিয়ার কয়েক বছরের মধ্যেই সব জমিজমা নদীত ভাঙি যায়। সংসারে খুব অভাব-অনটন শুরু হয়। ওই সময় বাপের বাড়ি থাকি কিছু সাহায্য-সহযোগিতা পাইছি। মানুষটা (অপিয়ল) দিনমজুরির কাম করত। ১০-১৫ বছর পর মোক একটা গাই কিনা দেয়। ওই গাইয়ের দুধ বেচি, আস্তে আস্তে টাকা জমাইছি। সেই গাই থাকি ধীরে ধীরে জমিজমা করছি।”

নদীর ভাঙন অপিয়লের জীবনে এক দুঃস্বপ্নের মতো। “এই চর ভাঙলে কোন চরে বাড়ি নেমো, এই ভাবতে ভাবতে জমির কাজকাম শুরু করি।” এই কথাটিই বলে দেয় ৭৩ বছর বয়সী এই মানুষের জীবনসংগ্রামের কথা, যিনি ১২ বার ভিটে হারিয়েছেন।

আশ্চর্যের বিষয় হলো, বছর দশেক আগে তাঁর বাবার সেই হারিয়ে যাওয়া জমির প্রায় ৪০ বিঘা আবার জেগে উঠেছে। কিন্তু সেই ভিটেতে পা রাখতে পারেননি অপিয়ল। জমির একাংশ এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এই বিষয়ে অপিয়ল আক্ষেপ করে বলেন, “চোখের সামনত বাবার জমি, এল্যা সেই জমি অন্য মানুষ চাষ করে। আমার লাঠির জোর নাই, তাই জমিত যাবার পাই না। কষ্টে বুক ফাটি যায়।”

বর্তমানে নিজের কেনা জমি এবং বর্গা নেওয়া জমি মিলিয়ে কয়েক বিঘরে চাষাবাদ করেন অপিয়ল। বজরা দিয়ারখাতায় দুই বিঘরে আমন এবং পাশের বান্ডালের চরে তিন বিঘরে ভুট্টা চাষ করেন তিনি। চরের বালুমাটি পানি ধরে রাখতে পারে না বলে ধান ভালো হয় না, তাই তিনি ভুট্টার দিকে ঝুঁকেছেন। তবে এই চাষাবাদ বেশ ব্যয়বহুল। অপিয়লের হিসাব অনুযায়ী, হাল, বীজ, সার এবং সেচ মিলিয়ে প্রতি বিঘার ভুট্টার খরচ প্রায় ৩৫ হাজার টাকা। ফলন ও দাম ভালো হলে ২৫-৩০ হাজার টাকা লাভ থাকে। কিন্তু ফসল ওঠার আগে হাতে নগদ টাকা থাকে না বলে মহাজনের কাছ থেকে চড়া দামে বাকিতে সার ও তেল কিনতে হয়। এছাড়া ফসল বিক্রি করতে ঘোড়ার গাড়ি ও নৌকায় করে ১০-১২ কিলোমিটার দূরে জোড়গাছ হাটে যেতে হয়। ভাড়া, কুলির মজুরি এবং হাটের টোল দেওয়ার পর লাভের পরিমাণ আরও কমে যায়। আর দাম কমে গেলে কার্যত কিছুই থাকে না।

অপিয়লের ছেলে মাসুদ রানার বয়স ৩৩ বছর। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সরকারি চাকরির চেষ্টা করেছিলেন এবং কয়েকবার মৌখিক পরীক্ষাতেও অংশ নেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি হয়নি। এরপর কয়েক বছর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোক্রেডিট শাখায় কাজ করার পর পাঁচ বছর আগে তিনি গ্রামে ফিরে আসেন। অপিয়ল আশা করেছিলেন, ছেলের ভালো চাকরি হলে সংসারে স্বস্তি আসবে। কিন্তু এখন বাবা ও ছেলে একসঙ্গে মাঠে কাজ করেন। মাসুদ রানা ছাড়াও অপিয়লের আরও দুই মেয়ে রয়েছে, যাদের বিয়ে হয়ে গেছে।

শিক্ষিত হয়ে কৃষি পেশায় ফেরার বিষয়ে মাসুদ রানা বলেন, “সরকারি চাকরির আশা তো সবাই করে। কিন্তু কপালে না থাকলে, মামা-খালু ও টাকা দিতে না পারলে চাকরি পাওয়া মুশকিল। চেষ্টার কমতি রাখি নাই। শেষে গ্রামে ফিরে এসে কৃষিকাজ শুরু করেছি।”

দুই বছর আগে ভুট্টা এবং গরু বিক্রির টাকা দিয়ে চিলমারী উপজেলা শহরে জমি কিনে একটি বাড়ি তৈরি করেছেন অপিয়ল। এই বাড়ি ও জমি কিনতে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে। নদী যতবারই ভিটা কেড়ে নিক, ছেলের জন্য অন্তত একটি নিরাপদ ঠিকানা নিশ্চিত করতে পেরেছেন তিনি। মাসুদ চাইলে সেখানে থাকতে পারবেন—এই প্রশান্তি অপিয়লের চোখেমুখে স্পষ্ট। চাষাবাদের মৌসুমে মাসুদ গ্রামে থাকলেও অন্য সময়ে তিনি শহরের বাসায় থাকেন। এছাড়া বন্যার সময় চরের বাসা থেকে গরু-ছাগল নিয়ে সবাই শহরের ওই বাড়িতে আশ্রয় নেন।

তবে নিজে শহরে গিয়ে স্থায়ীভাবে থাকতে চান না অপিয়ল। এই চরের মাটি, নদী, খেত এবং তাঁর প্রিয় গরুগুলোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর পুরো জীবন। তিনি গরুগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। এবারের ভাঙনের পর সেগুলো বিক্রির কথা ভাবলেও শেষ পর্যন্ত পারেননি। বিকেলে গঞ্জে গেলে পুরোনো পরিচিতদের সঙ্গে দেখা হয়, সুখ-দুঃখের গল্প চলে। সারা জীবনের অভাব-অনটনে পাশে থেকেছেন স্ত্রী বানেছা বেগম। শেষ বয়সে অপিয়লের চাওয়া খুব সামান্য: কৃষিকাজ করেই বাকি জীবন কাটানো, কারও কাছে হাত পাততে না হওয়া এবং স্ত্রীর সুস্থ ও ভালো থাকা।