কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ। মাছটির বিশাল আকৃতি এখন স্থানীয়দের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মাছটির ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, শুক্রবার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলে নরেন্দ্র নাথের জালে এই বিশাল বাঘাইড়টি আটকা পড়ে। মাছটির ওজন ছিল প্রায় ৯০ কেজি। পরবর্তীতে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া ওই জেলে থেকে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।

মাছটি কেনার পর ওই দিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া তা কেটে খুচরা বিক্রির ব্যবস্থা করেন। প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটি বিক্রি করে তিনি মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আয় করেন। বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য পাম্পমোড় এলাকায় ক্রেতাসহ প্রচুর উৎসুক মানুষের ভিড় জমেছিল।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানির স্তর কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এই ধরনের দেশীয় মাছের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি জানান, বিভিন্ন ঘাট থেকে এমন বড় মাছ কিনে এনে তিনি খুচরা বাজারে বিক্রি করে থাকেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমান সময়ে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ব্রহ্মপুত্র নদে এ ধরনের দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।