কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিরাশা (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ অক্টোবর) চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া উত্তর আঠারো পাইকা মন্ডলের হাট এলাকার বাসিন্দা এবং পেমান্দ দাশের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন নিরাশা। পথিমধ্যে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, “এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”