রাত দেড়টা বাজে। দিনাজপুর শহরের অধিকাংশ দোকানের ঝাঁপ তখনো বন্ধ। রাস্তায় মানুষের আনাগোনাও খুব কম। তবে শহরের কোতোয়ালি থানার বিপরীতে ফল মার্কেটের পাশে একটি ছোট্ট দোকানে তখনো চরম ব্যস্ততা। চুলায় আগুন জ্বলছে, কেটলিতে দুধ ফুটছে। কেউ কাপ ধুচ্ছেন, কেউবা বিস্কুট ও পাউরুটি এগিয়ে দিচ্ছেন। ক্রেতাদের ভিড়ে শোনা যাচ্ছে নানা অনুরোধ— কেউ বলছেন, ‘তিনটা দুধ-চা, একটা লাল-চা’, কেউ চাইছেন ‘পাঁচটা স্পেশাল চা’, আবার কেউ বলছেন ‘চিনি ছাড়া চা’।
এমন সব হাঁকডাকে মুখর দোকানে একের পর এক কাপ চা বানিয়ে চলেছেন এক ব্যক্তি। ক্রেতাদের কেউ দাঁড়িয়ে, কেউবা বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডায় মগ্ন। চা বানানোর প্রচণ্ড ব্যস্ততার মাঝেও ক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন দোকানমালিক। তাঁর মুখে লেগে থাকা সেই হাসি যেন দোকানটির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
এই চা-বিক্রেতার নাম সাইদুর রহমান (৪১)। দিনাজপুর শহরে তিনি ‘জামাই’ নামে পরিচিত। কোতোয়ালি থানার পাশের কালিতলা ফল মার্কেটে তাঁর শ্বশুরের ফলের ব্যবসা। সেই সূত্রে দোকানে আসা ক্রেতারা তাঁকে ‘জামাই’ বলে ডাকেন। তাঁর দোকানের নামও রাখা হয়েছে ‘জামাই টি স্টোর’। ভোর থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে এই চায়ের দোকানটি।
এই দোকানের পরিচিতি এখন আর কেবল দিনাজপুর শহরের ভেতরেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে চা বানানোর ভিডিও আপলোড করে লাখো মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন সাইদুর।
সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে দেখা যায়, ৮ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সাইদুরের ‘জামাই টি স্টল’ নামের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। তাঁর ‘জামাই টি স্টোর’ নামের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা দুই লাখের বেশি। এছাড়া ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১ লাখ ৫০ হাজারের বেশি এবং টিকটকে অনুসারীর সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার। এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর কয়েক মাস আগে ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ (ক্রেস্টসহ একধরনের স্বীকৃতি) পেয়েছেন সাইদুর।
সাইদুরের জন্ম ও বেড়ে ওঠা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। চরম অভাবের সংসারে মাত্র ১০ বছর বয়সেই গাইবান্ধা শহরের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০০৫ সালে গাইবান্ধার মেয়ে কবিতা খাতুনকে বিয়ে করেন সাইদুর। তবে কবিতার পরিবার থাকে দিনাজপুর শহরে। বিয়ের কয়েক মাস পর জীবিকার সন্ধানে সাইদুর চলে যান কুমিল্লায় এবং রিকশা চালানো শুরু করেন।
সাইদুর বলেন, “বিভিন্ন শহরে ঘুরে বেড়ানোর শখ ছিল তাঁর। কুমিল্লা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে রিকশা চালিয়েছেন। এভাবে প্রায় তিন বছর কেটেছে। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। এর মধ্যে দুই ছেলের বাবা হন তিনি।”
২০১০ সালে স্ত্রীকে নিয়ে দিনাজপুরের গোলাপবাগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাইদুর। একদিন শ্বশুরবাড়ির এক আত্মীয়ের রিকশা নিয়ে বের হয়ে সারা দিনে ৭০০ টাকা আয় করেন তিনি। অথচ হোটেলে সারা দিন কাজ করে পেতেন মাত্র ৪০০ টাকা। এই হিসাবটিই তাঁকে রিকশা চালানোর কাজে আগ্রহী করে তোলে। কয়েক দিনের মধ্যেই শ্বশুরবাড়ির পাশেই বাসা ভাড়া নেন তিনি।
তবে সেই পেশাতেও তিনি বেশিদিন টিকতে পারেননি। ২০১৪ সালের দিকে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় ইজিবাইকের সংখ্যা বাড়তে থাকলে রিকশার যাত্রী কমে যায় এবং আয়ও হ্রাস পায়। ফলে তিনি পুনরায় হোটেল শ্রমিকের কাজে ফিরে যান।
২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ শুরু হলে বন্ধ হয়ে যায় তাঁর কর্মস্থল হোটেল। কর্মহীন হয়ে পড়েন সাইদুর। ততদিনে তাঁর পাঁচ সদস্যের সংসার। সংসার কীভাবে চলবে, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েন তিনি। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ান স্ত্রী কবিতা খাতুন। গৃহকর্মীর কাজ করে মাটির ব্যাংকে জমিয়ে রাখা ৩০ হাজার টাকা দুর্দিনে স্বামীর হাতে তুলে দেন তিনি। সেই টাকা দিয়ে সাইদুর ভ্যানে করে ফল বিক্রি শুরু করেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই ব্যবসায় লোকসান হয় এবং তিনি আবারও হতাশায় নিমজ্জিত হন।
২০২০ সালের ডিসেম্বরে দিনাজপুর শহরের কোতোয়ালি থানার বিপরীতে এক পান দোকানিসহ কয়েকজনের পরামর্শে চায়ের দোকান দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২৫ হাজার টাকা দিয়ে দোকানের সরঞ্জাম ও উপকরণ কেনেন। শুরু হয় এক নতুন পথচলা। সাইদুর জানান, প্রথম দিনেই তিন হাজার টাকার চা বিক্রি হয়েছিল। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে।
প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে সাইদুর রহমানের এই দোকান। এখানে ‘জামাই স্পেশাল চা’, ‘হরলিকস চা’, ‘ডানো চা’, ‘ঘি চা’, কফি, দুধ-চা, লাল-চাসহ প্রায় ১০ ধরনের পানীয় তৈরি করা হয়। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় দুধ-চা। ধরনভেদে প্রতি কাপ চায়ের দাম ৭ থেকে ৭০ টাকা পর্যন্ত।
সাইদুরের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন সাড়ে তিন থেকে চার মণ দুধের চা বিক্রি হয়। সব মিলিয়ে দৈনিক বিক্রি ৩০ থেকে ৩২ হাজার টাকা। দোকানের মালামাল, গ্যাস, বিদ্যুৎ বিল এবং কর্মীদের বেতন-ভাতাসহ সব খরচ মেটানোর পর দৈনিক গড়ে তিন হাজার টাকার বেশি লাভ থাকে বলে জানান তিনি। ছয় বছরের ব্যবধানে ব্যবসার আয় দিয়ে শহরে জমি কিনেছেন এবং তুলেছেন আধা পাকা বাড়ি। চা-বানানোর ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আয়ের ব্যবস্থা হয়েছে। সেই আয় তিনি স্থানীয় অসহায় মানুষের চিকিৎসা ও সহায়তায় ব্যয় করছেন।
চায়ের দোকানের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কাজও চালিয়ে যাচ্ছেন সাইদুর। এই কাজ দেখাশোনার জন্য তিনি একজন কর্মীও নিয়োগ দিয়েছেন। শুরুতে ছেলেকে সঙ্গে নিয়ে দোকান চালাতেন সাইদুর, তবে এখন তাঁর সঙ্গে আরও ১০ জন কর্মী কাজ করেন। কর্মীদের দৈনিক মজুরি ৪০০ থেকে ৭০০ টাকা। কর্মীদের সঙ্গে কেবল পেশাগত সম্পর্ক নয়, বরং পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। কর্মীরা দুই বেলা তাঁর বাড়িতে খাওয়াদাওয়া করেন, যা রান্না করেন স্ত্রী কবিতা। এজন্য স্ত্রীকেও মাসিক বেতন দেন সাইদুর। তাঁর ভাষায়, “ওরা আমার সঙ্গে কাজ করে। ওদের খাওয়াদাওয়ার দায়িত্বও আমার।”
দোকানটিতে নিয়মিত চা খেতে আসেন স্থানীয় বাসিন্দা ভুবন সেন। তিনি বলেন, “শীতপ্রধান এ জেলায় চা মানুষের নিয়মিত খাবারের অংশ। প্রতিদিন বাড়িতে ফেরার সময় এখানে চা খাই। দল বেঁধে অনেকেই আসেন। বাইরে থেকে যাঁরা বেড়াতে আসেন, তাঁদের অনেকেই জামাইয়ের দোকানে চা খান। বিশেষ করে তাঁর হাতের দুধ-চা বেশ জনপ্রিয়।”
চা-দোকান শুরুর আগে থেকেই ফেসবুক, টিকটক, লাইকি ও স্ন্যাপচটের মতো সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন সাইদুর রহমান। তবে তাঁর জনপ্রিয়তার আসল শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার বিষয়ে সাইদুর রহমান জানান, একদিন কয়েকজন শিক্ষার্থী তাঁর দোকানে চা খেতে আসেন এবং তাঁর চা বানানোর ধরন তাঁদের নজর কাড়ে। তাঁদের একজন ভিডিও ধারণ করে সেটি সাইদুরেরই ফেসবুকে পোস্ট করেন।
সাইদুরের ভাষ্যমতে, ২৪ ঘণ্টায় সেই ভিডিও এক লাখের বেশি মানুষ দেখেন। কয়েক দিন পর ওই শিক্ষার্থীই তাঁকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন। এরপর নিয়মিত সেখানে চা বানানোর ভিডিও প্রকাশ করতে থাকেন তিনি। ইউটিউবেও প্রথম ভিডিওতেই ১ লাখ ৬ হাজারের বেশি ভিউ পান তিনি।
২০২২ সালে তাঁর ইউটিউব চ্যানেল থেকে আয় করার সুযোগ তৈরি হয় এবং পরের বছর ফেসবুক পেজটিও কনটেন্ট মনিটাইজেশন পায়। এরপর থেকে চায়ের দোকানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। এই কাজ দেখাশোনার জন্য রাখা কর্মীর মাসিক বেতন ১২ হাজার টাকার বেশি।
একসময় জীবিকার সন্ধানে এক শহর থেকে অন্য শহরে ঘুরেছেন সাইদুর। কখনো হোটেলের শ্রমিক, কখনো রিকশাচালক, আবার কখনো ফল বিক্রেতা হিসেবে কাজ করেছেন। জীবনের নানা বাঁক পেরিয়ে এখন তিনি একটি সফল ব্যবসা দাঁড় করিয়েছেন। এরই মধ্যে ব্যবসার ট্রেড লাইসেন্স ও টিআইএন সনদও করেছেন তিনি। জানালেন, গত দুই অর্থবছরে সরকারকে আয়কর দিয়েছেন ৭ হাজার ৩০০ টাকা।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আয় হচ্ছে তাঁর। সাইদুর জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউটিউব থেকে প্রায় ১ লাখ ৩ হাজার টাকা এবং ফেসবুক থেকে প্রায় দেড় লাখ টাকা পেয়েছেন। তবে এই অর্থ নিজের জন্য খরচ করেন না বলে দাবি তাঁর; বরং অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় ব্যয় করেন। সম্প্রতি একজন কিডনি রোগীকে ৫০ হাজার টাকা এবং আরেকজনের চোখের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন তিনি।
সাইদুর বলেন, “আমি জানি অভাব কী জিনিস। তাই মানুষের কষ্ট দেখলে নিজের আগের দিনগুলোর কথা মনে পড়ে।” ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, আগামী দিনে দিনাজপুরের বিভিন্ন এলাকায় ‘জামাই টি স্টল’-এর শাখা করার চেষ্টা করছেন। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকা থেকে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের চা বানানোর কৌশল ও ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জানিয়েছেন তিনি।
সাইদুর রহমান বলেন, “আমি সব সময় নিচের দিকে তাকাই। নিচের মানুষগুলোকে দেখলে নিজের অতীতকে মনে করতে পারি।”