সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের চালানো গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সারকেল) মো. রাকিবুল হাসান ইশান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার বাসিন্দা। তার বাবার নাম রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের (২৬) সঙ্গে একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) দীর্ঘদিনের শত্রুতা ছিল। এই বিরোধের জেরেই গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুরের ছেলে আসিফ (২৩) এবং তার সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা রকি দেওয়ানকে লক্ষ্য করে পিস্তল দিয়ে মোট তিন রাউন্ড গুলি ছোড়েন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুলি রকি দেওয়ানের সঙ্গে থাকা তার বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সারকেল) মো. রাকিবুল হাসান ইশান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।