সাধারণ অটোরিকশাচালকের পোশাক, পরনে লুঙ্গি। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে তিনি আসলে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন। এভাবেই অত্যন্ত সতর্কতার সাথে ছদ্মবেশ ধারণ করে সাভারের আশুলিয়ায় একটি গ্যারেজে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রোববার (১৮ অক্টোবর) রাত ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার উক্ত গ্যারেজে অস্ত্র বেচাকেনার সময় অভিযানটি চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তিদের নাম জহুরুল, আলভী ও মামুন। জানা গেছে, তারা সবাই কুখ্যাত শুটার সাদ্দামের সহযোগী। তবে প্রাথমিক পর্যায়ে তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় ওই গ্যারেজে অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। তারা শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের সহযোগী হিসেবে আউকপাড়া এলাকায় তার প্রভাব ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিলেন বলে জানা গেছে।
এর আগে তাদের গ্রেপ্তারের জন্য এসআই শাহাদাতের নেতৃত্বে ডিবি পুলিশ দুই থেকে তিনবার অভিযান চালিয়েছিল। তবে প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পূর্বের অভিযানগুলো ব্যর্থ হওয়ায় এবার কৌশল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ডিবি পুলিশ। রোববার রাতে এসআই শাহাদাতসহ ডিবির সদস্যরা ছদ্মবেশে অভিযানের পরিকল্পনা করেন। অপরাধীদের নজর এড়াতে তারা লুঙ্গি পরে সাধারণ অটোরিকশাচালকের বেশ ধারণ করেন।
এরপর অত্যন্ত সুকৌশলে গ্যারেজে প্রবেশ করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন পুলিশ সদস্যরা। দীর্ঘদিনের অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর অস্ত্র বেচাকেনার মুহূর্তেই তিনজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাইদুর ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে এই চক্রকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”