চট্টগ্রামের মিরসরাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ নওশাদ আলম (৩৩) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নওশাদ আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের পুত্র এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিরসরাই থানা পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নওশাদ আলমের কাছ থেকে ১টি এলজি, ৪টি ছোরা এবং ৫টি রকেট প্যারাসুট প্লেয়ার উদ্ধার করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন মুক্তকণ্ঠকে বলেন, “১টি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট প্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে এই গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হলে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন মুক্তকণ্ঠকে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্র বাজের জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নেবে না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”