মানিকগঞ্জের ঘিওরে এক বিশেষ অভিযান চালিয়ে আসিফ ইসলাম খান (৩৮) নামের এক যুবদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের সময় তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকায় অবস্থিত নিজের দোকান থেকে তাকে মাদকসহ আটক করে ডিবি পুলিশ। আটককৃত আসিফ ইসলাম খান উভাজানী গ্রামের পাশা খানের ছেলে এবং তিনি নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আসিফ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তার দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। তল্লাশির সময় তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফ ইসলাম খানকে হেরোইনসহ আটক করা হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।