গত বছর দক্ষিণ কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা শেষ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। তাঁর পছন্দের বিষয় ছিল চলচ্চিত্র প্রযোজনা। এশিয়ান ফিল্ম স্কুলের এই অভিজ্ঞতার কথা তুলে ধরে মনোজ জানান, এশিয়ার নাগরিক হিসেবে বাংলাদেশের যে কেউ চাইলে এই স্বনামধন্য প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ পেতে পারেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি আগ্রহী শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

প্রায় এক যুগ আগে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন মনোজ প্রামাণিক। এরপর তিনি শিক্ষকতার সাথে যুক্ত হন এবং বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পাঠদান করছেন। শিক্ষকতার পাশাপাশি ধীরে ধীরে চলচ্চিত্র নির্মাণের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সিনেমা তৈরি করেন, তখন তাদের প্রযোজনার কাজে যুক্ত হতে হয়। সেখান থেকেই তিনি অনুভব করেন যে, প্রযোজনা বিষয়ে আরও গভীরে গিয়ে শেখার প্রয়োজন রয়েছে।

এই বিশেষ দক্ষতা অর্জনের লক্ষ্যেই মনোজের নজর পড়ে বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। এর আগে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান এবং রাখা নোশিন নাওয়ারর মতো অনেকে। যথাযথ আবেদনের পর মনোজ ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে পূর্ণ বৃত্তি লাভ করেন। এই বৃত্তির আওতায় তাঁর টিউশন ফি, আবাসন খরচ এবং যাতায়াতের বিমান টিকিটসহ যাবতীয় ব্যয়ভার বহন করেছে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের ২১ মার্চ তিনি বুসানে পৌঁছান। এশিয়ার ১৭টি ভিন্ন ভিন্ন দেশ থেকে মোট ১৯ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। বিভিন্ন সংস্কৃতি ও ভিন্ন চিন্তাধারার মানুষের সঙ্গে থাকা, রান্না করা, খাওয়া-দাওয়া, পড়াশোনা এবং ভ্রমণের অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে মনোজ মুক্তকণ্ঠকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণ, যৌথ প্রযোজনা, পরিবেশনার ক্ষেত্রে প্রডিউসিং ট্র্যাক প্রোগ্রাম আমাকে সমৃদ্ধ করেছে। সিনেমা নিয়ে আমি অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। একই সঙ্গে বুসান চলচ্চিত্র উৎসবের অনেক সিনেমা দেখার সুযোগ পেয়েছি। মূলত এর মধ্যে দিয়ে তরুণদের বিভিন্ন দেশের প্রযোজক, সহকর্মীদের সঙ্গে একধরনের যোগাযোগ তৈরি হয়, যা পরবর্তী সময়ে খুবই কাজে দেয়।’

বর্তমানে সিনেমা নির্মাণের ক্ষেত্রে ‘ইন্ডি’ ঘরানার নির্মাতারা যৌথভাবে কাজ করার প্রবণতা দেখাচ্ছেন, আর সেখানে এই ফিল্ম স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন মনোজ। এই স্কুলে পড়ার জন্য তাঁর পরামর্শ জানতে চাওয়া হলে তিনি জানান, সিনেমা সম্পর্কে অগাধ পাণ্ডিত্য থাকার চেয়ে সিনেমা নির্মাণের প্রতি প্রবল আগ্রহ থাকাকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। একজন ব্যক্তি কেন সিনেমা বানাতে চান, সেটিই এখানে মুখ্য বিষয়।

মনোজ আরও জানান, এই কোর্সটি সম্পূর্ণ বৃত্তিনির্ভর এবং যাবতীয় খরচ এশিয়ান ফিল্ম স্কুল কর্তৃপক্ষ বহন করে। এখানে অধ্যয়নের জন্য দুটি আলাদা ট্র্যাক রয়েছে—একটি ‘প্রডিউসিং’ এবং অন্যটি ‘বিজনেস ট্র্যাক’। প্রথমটি মূলত প্রযোজনা সংক্রান্ত এবং দ্বিতীয়টি সিনেমার ব্যবসায়িক দিক নিয়ে বিস্তারিত পাঠদান করে। সুযোগ থাকলে একজন শিক্ষার্থী চাইলে এই দুটি বিষয়ের ওপরই পড়াশোনা করতে পারেন।

আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি জানিয়ে এই অভিনেতা ও প্রযোজক বলেন,‘পোর্টফোলিওটা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে একটি ফিল্মের প্রস্তাবনা দিতে হয়। এগুলো যথাযথভাবে দিতে হবে। বোঝাতে হবে সিনেমার প্রতি আগ্রহ রয়েছে। এ ছাড়া ফিল্মের প্রস্তাবনার মধ্যে ডিরেক্টরস স্টেটমেন্ট, লগলাইন এগুলো গুছিয়ে লিখতে হবে। এশিয়ান ফিল্ম স্কুলে পড়েছেন এমন শিক্ষার্থী অথবা সিনেমা ইন্ডাস্ট্রির কারও কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। সাইটের আবেদনের সঙ্গে জমা দিতে হবে।’

আবেদনপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ একটি শর্টলিস্ট তৈরি করে এবং এরপর নির্বাচিতদের ভিডিও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এই অনলাইন সাক্ষাৎকারে শিক্ষার্থী কেন এই কোর্সটি করতে চান এবং এটি তাঁর জন্য কেন গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হয়। এখানে সিনেমা সম্পর্কে দক্ষতার সাথে কথা বলতে হয়। মনোজ বলেন, ‘সিনেমা নিয়ে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। তবে প্রশ্ন ও কোর্স সবই হবে ইংরেজিতে। এ কারণে ইংরেজিতে দক্ষ হতে হবে।’

সবশেষে মনোজ বলেন, ‘সবার আগে মনে রাখা দরকার এটা এশিয়ান ফিল্ম স্কুল। এখানে এশিয়ার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের জায়গা থেকে এশিয়াকে এগিয়ে নিতেই বা হলিউড ইউরোপের সঙ্গে সিনেমা অঙ্গনে যে কম্পিটিশন সেখানে জায়গা করে নিতেই স্কুলটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কুলটি শুধু মাত্র পাঠদান করছে তা নয়, এশিয়ার দেশগুলোতে পৃষ্ঠপোষকতা করছে। কারণ, এশিয়ার অনেক দেশেই চলচ্চিত্র নিয়ে যথাযথ পড়াশোনার সুযোগ–সুবিধা নেই। সেখানে এশিয়ান বুসান ফিল্ম স্কুল আমাদের তরুণদের জন্য অনেক বড় সুযোগ তৈরি করে দিচ্ছে।’

উল্লেখ্য যে, এশিয়ান ফিল্ম স্কুলে আবেদনের সর্বশেষ সময়সীমা হলো ১১ নভেম্বর ২০২৬।