চেরাগীর ভিড়ের মাঝে একদিন হঠাৎই চোখে পড়ল পরাণ বন্দ্যোপাধ্যায়ের। টলিউডের অত্যন্ত ব্যস্ত এই তারকা এখানে! তিনি খুব ধীরে ধীরে হেঁটে চলেছেন। আনমনে যেন কোনো সংলাপ উচ্চারণ করছেন তিনি। কেউ তা শুনছে না, তবে চৈত্রের দ্বান্দ্বিক বাতাস তার চারপাশে প্রবল আগ্রহ নিয়ে যেন থমকে দাঁড়িয়েছে।
তার প্রশস্ত কপাল, গোলাকার মুখ এবং সাদা ধূসর গোঁফ চোখে পড়ে। পাতলা হয়ে আসা চুলগুলো বেশ সুশৃঙ্খল। চোখে কালো ফ্রেমের চশমা, আর দৃষ্টিতে রয়েছে এক ধরণের কৌতূহল। মুখের ভাঁজে ভাঁজে বয়সের ছাপ থাকলেও সেখান থেকে ছড়িয়ে পড়ছে উষ্ণ হাসির এক সৌম্য আভা। সুদূর কলকাতা থেকে এই মানুষটি সূর্য সেনের স্মৃতিবিজড়িত এই মাটিতে কেন এলেন?
চেরাগীর চারপাশের কোলাহল আর অসংখ্য মানুষের ভিড়ের মধ্য দিয়ে তিনি সাবধানে পথ চলছিলেন। পথ চলতে চলতে একজন হকারের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। সেখান থেকে একটি দৈনিক পত্রিকা চেয়ে নিলেন। দুহাতে পত্রিকাটিকে এমনভাবে খুলে ধরলেন, যেন একটি অতিকায় মৃত পাখির দুটি ডানা দুদিক থেকে মেলে ধরা হয়েছে। নিজের মুখটি রাখলেন সেই ডানার আড়ালে। ঝুঁকে মগ্ন হলেন এমনভাবে, যেন পাখিটির পালকের ভাঁজে ভাঁজে তিনি অতীতের কোনো গন্ধের সন্ধান করছেন। হয়তো তিনি সেই কাঙ্ক্ষিত কিছু খুঁজে পেয়েছেন, অথবা কিছুই পাননি। কিছুক্ষণ পর তিনি পত্রিকাটি বন্ধ করলেন।
পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখি একটা অলৌকিক ভ্রমের মতো। হাসিটা মিলিয়ে গেল। মুখে বলিরেখা। ক্লান্ত, অবসন্ন আর ট্রামের পাশে বিষাদকবলিত জীবনানন্দের মতো।
পত্রিকাটি ভাঁজ করে বগলের তলায় রেখে তিনি আমাদের এক অদ্ভুত বিভ্রমে ডুবিয়ে দিলেন। অখ্যাত জীবনের এক আলাদা পরাণ চেরাগীর ফুলের বাজারের নানা রঙের মধ্য দিয়ে হেঁটে গিয়ে হেম সেন লেনের সন্ধ্যার অন্ধকারে মিশে গেলেন।