কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)-এর একটি ব্যানারের ওপর ‘কটু’ কথা লেখার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। শুধু বহিষ্কারই নয়, অভিযুক্ত ওই দুই ছাত্রীকে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের যেকোনো ডিগ্রি কোর্সে ভর্তির সুযোগ থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, বিতর্কিত ওই ব্যানারে স্বামী বিবেকানন্দের ছবি ছিল।

এই ঘটনাটি বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত এই প্রাচীন প্রতিষ্ঠানটি ভারতের অন্যতম প্রধান উদারমনস্ক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ২০০ বছরেরও বেশি পুরনো এই প্রতিষ্ঠান থেকে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু খ্যাতিমান ব্যক্তিত্ব উচ্চশিক্ষা শেষ করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাস্তিপ্রাপ্ত দুই ছাত্রীর একজন ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত স্নাতকোত্তর ছাত্রী। অন্যজন সদ্য স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পোস্ট-স্টুডেন্টশিপের বিভিন্ন শিক্ষাসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনাটি ঘটেছিল গত ১৩ অক্টোবর। এর পরদিনই এবিভিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি অধ্যাপক তদন্ত কমিটি গঠন করে এবং ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেয়।

তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয় ২৮ অক্টোবর প্রথম বৈঠকের মাধ্যমে। এরপর ৩ নভেম্বর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনের পর অভিযুক্ত দুই ছাত্রীর ঠিকানায় বহিষ্কারের চিঠি পাঠানো হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনার পর কমিটি ব্যানারে ‘কটু’ কথা লেখার সত্যতা যাচাই করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “প্রেসিডেন্সি ঐতিহ্যগতভাবে সুশীল একাডেমিক চর্চা ও বিতর্কের ঐতিহ্য বহন করে। এই আদর্শ বজায় রাখার কারণে কোনো চিন্তাবিদ, মতাদর্শ বা সংগঠনকে উদ্দেশ্য করে কোনো গালিগালাজ বরদাশত করা হবে না।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কঠোর শাস্তির সিদ্ধান্তে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসএফআই, আরএসএফ, আইসা ও এআইডিএসও একটি যৌথ বিবৃতিতে এই ধরনের ভাঙচুর বা বিকৃতির নিন্দা জানালেও, দুই ছাত্রীর শিক্ষাজীবন এভাবে ধ্বংস করার তীব্র বিরোধিতা করেছে।

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বের দাবি, যেকোনো অন্যায় কাজের শাস্তি হওয়া উচিত, তবে এই শাস্তিটি অত্যন্ত প্রতিশোধমূলক এবং মাত্রাতিরিক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, এবিভিপির পক্ষ থেকে এই ঘটনার জন্য বামপন্থীদের বিকৃত মানসিকতা ও উসকানিকে দায়ী করা হয়েছে। তাদের দাবি, স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বকে তাঁর নিজেরই সাবেক কলেজে অপমান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।