দীপাবলির উৎসবে আতশবাজি ব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, ঠিক তখনই উৎসবের প্রাচীন রীতিনীতির গুরুত্ব এবং বাজি পোড়ানোর প্রয়োজনীয়তার এক ‘বৈজ্ঞানিক পাঠ’ দিলেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, অতীতে ব্যবহৃত বাজি পরিবেশকে দূষিত করত না, বরং সেই ধোঁয়ার প্রভাবে কীটপতঙ্গের মৃত্যু হতো এবং পরিবেশ শুদ্ধ হতো।
সম্প্রতি আরএসএস-এর সদর দপ্তর নাগপুরে এক সভায় এই মন্তব্য করেন মোহন ভাগবত। মহেশ্বরী পঞ্চায়েত আয়োজিত এক দীপাবলি মিলন অনুষ্ঠানে কথা বলার সময় তিনি প্রকারান্তরে বাজি পোড়ানোর পক্ষেই সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, “অতীতে যেসব উপাদান দিয়ে বাজি তৈরি হতো তাতে রাসায়নিক পদার্থ থাকত না। সেই সময়কার উপাদানগুলো ছিল প্রাকৃতিক ও নিরাপদ। সেসব বাজির ধোঁয়া কীটনাশকের কাজ করত। বিশেষ করে বর্ষার সময় ও ফসল কাটার মৌসুমে কীটপতঙ্গ ও মশামাছি তাড়িয়ে সেই বাজির ধোঁয়া বাতাস শুদ্ধ করত। সেই ধোঁয়ার কার্যকারিতা পরিবেশবান্ধব ছিল।”
তিনি আরও দাবি করেন যে, দীপাবলির প্রদীপ জ্বালানোর পেছনেও বৈজ্ঞানিক যুক্তি বিদ্যমান। তাঁর মতে, প্রদীপ জ্বালানো হয় তেল ও ঘি দিয়ে। তেল ও ঘি পুড়ে প্রদীপের প্রজ্বলিত শিখা পরিবেশে এক বিশুদ্ধ বাতাসের স্তর তৈরি করে, যা পরিবেশ এবং মানবদেহের জন্য স্বাস্থ্যকর।
মোহন ভাগবত আরও বলেন, “প্রাচীনকাল থেকে উৎসব পার্বণে এ ধরনের যেসব রীতি পালিত হয়ে আসছে তার পেছনে রয়েছে নির্ভেজাল বিজ্ঞান।” তিনি উল্লেখ করেন, বর্তমানে পরিবেশদূষণের জন্য অনেক কিছুর মতো আতশবাজি পোড়ানোকেও দায়ী করা হচ্ছে। গ্রিন ট্রাইব্যুনাল, পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশবিশারদরা এই দূষণ নিয়ে গভীরভাবে চিন্তিত। বিশেষ করে রাজধানী দিল্লিতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দূষণের মাত্রা যেভাবে বৃদ্ধি পায় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, তা রোধ করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করার মতো ব্যবস্থার পক্ষে মত দিয়েছে।
তবে গত কয়েক বছর ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। দলের শীর্ষ নেতারা মনে করেন, সনাতন ধর্মীয় উৎসবে বাজি পোড়ানোর রীতি অত্যন্ত প্রাচীন এবং এটি ধর্মপালনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই এই রীতি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না বলে তারা মনে করেন।
বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বাজি পোড়ানোর পক্ষে কথা বলে জানিয়েছেন, দীপাবলির কয়েকদিন বাজি পোড়ালে তেমন কোনো ক্ষতি হয় না। তাঁর মতে, দূষণ হয়তো সাময়িকভাবে হয়, কিন্তু দু–তিন দিন পরেই তা কেটে যায়। এদিকে দীপাবলির আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মন্তব্য করেছিলেন যে, পুলিশ ও প্রশাসন যে নির্দেশ পালন করতে পারে না, তেমন নির্দেশ দেওয়া অর্থহীন।
মোহন ভাগবত যেভাবে অতীতের প্রসঙ্গ টেনে বাজি পোড়ানোর কার্যকারিতা ও বিজ্ঞানের কথা ব্যাখ্যা করেছেন, তাতে স্পষ্ট যে তিনি দীপাবলি বা অন্যান্য হিন্দু পূজা-পার্বণে বাজি পোড়ানো নিষিদ্ধ হওয়া চান না। বরং তিনি প্রাচীন রীতিনীতি বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন। তাঁর মতে, ঐতিহ্যবাহী প্রথাগুলোর প্রকৃত তাৎপর্য অনুধাবন করে উৎসব উদ্যাপন করলে মানুষ ও পরিবেশ উভয়েই উপকৃত হবে।
তবে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমানে বাজি তৈরিতে ব্যবহৃত উপাদানের পরিবর্তন আনা যেতে পারে। কিন্তু শত বিরোধিতার মুখেও উৎসব উদ্যাপন বন্ধ হবে না। তাঁর দাবি, উৎসবই সমাজকে চনমনে ও চাঙা রাখে, যা কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়।
উল্লেখ্য, দীপাবলি ও কালীপূজায় শব্দবাজি পোড়ানোর ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সুপ্রিম কোর্ট এবং পরিবেশবিদেরা ‘গ্রিন ক্র্যাকার’ বা পরিবেশবান্ধব বাজির কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে, বাজার এখনো দূষণযুক্ত বাজিতেই ছেয়ে আছে। শাসক দলের দৃঢ় সমর্থনের কারণে দূষণমুক্ত পরিবেশ তৈরির উদ্যোগগুলো কার্যত ব্যর্থ হচ্ছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির রিপোর্ট অনুযায়ী, দীপাবলির রাত ১টা থেকে পরদিন সকাল ৯টার মধ্যে দিল্লির বাতাসে ‘পিএম–২.৫’ এর মতো অতি সূক্ষ্ম ধূলিকণা বৃদ্ধির প্রধান কারণ আতশবাজি। ওই সময়ে দূষণের ৭১ দশমিক ১ শতাংশই ছিল আতশবাজির অবদান। এর বিপরীতে ৭ নভেম্বর বাতাসে বাজির ধোঁয়ার অংশ ছিল মাত্র ৫ দশমিক ৬ শতাংশ। ৮ নভেম্বর দীপাবলির সন্ধ্যা থেকে রাতে তা বেড়ে হয় ৪৩ দশমিক ৪ শতাংশ এবং ৯ তারিখ সকালে তা সর্বোচ্চ ৭১ দশমিক ১ শতাংশে পৌঁছায়। ১০ নভেম্বর এই অবদান কমে দাঁড়ায় ২৯ দশমিক ৮ শতাংশে।
শাসক দল যদি বাজি পোড়ানোর বিষয়ে অটল থাকে এবং প্রশাসন যদি দূষণযুক্ত বাজির জোগান বন্ধ করতে ব্যর্থ হয়, তবে উৎসবের মৌসুমে দিল্লির দূষণের মাত্রা এভাবে আকাশচুম্বী হয়ে থাকবে।