টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে নতুন অতিথির আগমন। আজ রোববার সকালে প্রথমবারের মতো মা হওয়ার গৌরব অর্জন করেন অভিনেত্রী সোহিনী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভূমিষ্ঠ হয় তাদের সন্তান। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন। জানা গেছে, সোহিনী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
এই সুখবরটি ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতির মাধ্যমে জানিয়েছেন তারা। বিবৃতিতে তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’
গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দুই থেকে তিন হওয়ার খুশি ভাগ করে নিয়েছিলেন সোহিনী। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি এই সুখবর দেন, যাতে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা ব্যাপক ভালোবাসা ও শুভেচ্ছা জানান। শোভন ও সোহিনী ২০২৪ সালের জুলাই মাসে বিবাহসূত্রে আবদ্ধ হন।
(সংবাদ প্রতিদিন অবলম্বনে)