২০২৪ সালে মুক্তি পাওয়া নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ ছবিটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। এবার সেই গল্পের ধারাবাহিকতায় ফিরছে নির্মাতা জুটি। নতুন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন সোহিনী সরকার ও যীশু সেনগুপ্ত।
ছবির ক্যানভাসে এবার যুক্ত হয়েছে নতুন মুখ ও নতুন সম্পর্ক। শিবপ্রসাদ অভিনীত বিক্রম প্রামাণিকের বিপরীতে ইন্সপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। অন্যদিকে, ঝিমলি চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। ছবির মূল আকর্ষণ হবে যীশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই। টিজার প্রকাশের সময় শিবপ্রসাদ জানান, যীশু ও তাঁর চরিত্রের মধ্যে আইনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই মানুষের তীব্র দ্বন্দ্ব রয়েছে। যীশু এখানে একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তা, আর শিবপ্রসাদ সেই বহুরূপী ডাকাত, যে চলে নিজের নিয়মে।
অ্যাকশনের পাশাপাশি এই ছবিতে প্রেমও রয়েছে। যীশু ও সোহিনীকে ঘিরে তৈরি হয়েছে রোমান্টিক আবহ। সম্প্রতি প্রকাশিত ‘ভুলতে পারবে না’ গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। গানটি সম্পর্কে যীশু বলেন, "ছবিতে তৈরি করা জগতের একেবারে অন্য একটি দিক তুলে ধরে এই গান।"
সোহিনী জানান, এই গানটি তাঁর চরিত্র ঝিমলির আবেগ ও যাত্রাকে নতুন মাত্রা দিয়েছে। তবে এই ছবির সঙ্গে সোহিনীর ব্যক্তিগত জীবনের একটি বিশেষ অধ্যায় জড়িয়ে আছে। শুটিংয়ের পুরো সময়টাই তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। অভিনেত্রী জানান, গর্ভাবস্থার প্রথম তিন মাস চিকিৎসকের পরামর্শে তিনি কাউকে এই খবরটি জানাননি, এমনকি তাঁর শ্বশুর-শাশুড়িও জানতেন না। সকালে উঠতে কষ্ট হওয়া এবং শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে গেছেন। গর্ভাবস্থায় কাজ করা নিয়ে সমাজের প্রচলিত ট্যাবু বা ভয়ের সঙ্গে একমত নন সোহিনী। তাই শুটিং বন্ধ না করে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরই মধ্যে ২০ সেপ্টেম্বর তিনি সন্তানের জন্ম দিয়েছেন।
নতুন এই জুটির রসায়ন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি সোহিনী। তাঁর মতে, দর্শকই তাঁদের পর্দার রসায়নের বিচার করবেন। তবে যীশুর সঙ্গে কাজের স্বাচ্ছন্দ্যের কথা স্বীকার করেছেন তিনি, যার পেছনে তাঁদের ব্যক্তিগত পরিচয়ও ভূমিকা রেখেছে। যীশুর জন্যও এই ছবিটি গুরুত্বপূর্ণ। ‘পোস্ত’ ও ‘বাবা বেবি’-র পর আবারও নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে কাজ করছেন তিনি। শিবপ্রসাদের অভিনয় দক্ষতা সম্পর্কে যীশু বলেন, "শিবপ্রসাদ এত ভালো অভিনেতা যে তিনি অভিনয়কে আরও গুরুত্ব দিয়ে চালিয়ে গেলে অন্য অনেক অভিনেতার কাজই কঠিন হয়ে যেত।"
আগামী দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।