একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানি বলে প্রশংসা করতেন পরীমনি। অন্যদিকে, অপু বিশ্বাসও পরীমনিকে নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিতেন। তাঁদের এই বন্ধুত্বের বৃত্তে আরও দুই অভিনেত্রী তমা মির্জা ও পূজা চেরী যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে ছবি, ভিডিও কিংবা আড্ডার মুহূর্তগুলো প্রায়ই ভাগাভাগি করা হতো। তবে সেই হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জায়গায় এখন বিরাজ করছে চরম তিক্ততা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, পাল্টাপাল্টি কটাক্ষ এবং প্রকাশ্য অনুষ্ঠানে একে অপরের বিরুদ্ধে মন্তব্য—সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু একসময়ের এই ঘনিষ্ঠ সম্পর্কের এমন অবনতির প্রকৃত কারণ কী?
২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেছিলেন, ‘পরী মেজ, তমা সেজ ও পূজা চেরী আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।’ তিনি আরও জানিয়েছিলেন যে, তাঁদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি সন্তান লালন-পালন সংক্রান্ত কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে পরীমনি ও তমা মির্জা তাঁকে ফোন করে পরামর্শ নিতেন বলে দাবি করেছিলেন অপু। নিয়মিত কথা বলার কারণেই তাঁদের সম্পর্কটি সুন্দর ছিল। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। তমা মির্জা ও পূজা চেরীর সঙ্গে অপুর বর্তমান সম্পর্কের বিষয়ে তেমন আলোচনা না হলেও, পরীমনির সঙ্গে তাঁর দূরত্ব এখন দিনের আলোর মতো পরিষ্কার। সাম্প্রতিক সময়ে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং প্রকাশ্য বক্তব্যে এই বিরোধ আরও প্রকট হয়ে উঠেছে।
এই দ্বন্দ্বের সূত্রপাত হয় ব্র্যান্ডের প্রচার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। অপু বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান পরীমনি। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তাঁর পোস্টের বিষয়বস্তু থেকে অপুর বক্তব্যের প্রসঙ্গটি স্পষ্ট হয়ে ওঠে। শুরুতে পরীমনি অপুর বক্তব্য আরও পরিষ্কার করার পরামর্শ দিলেও পরবর্তীতে তাঁর ভাষায় ব্যক্তিগত কটাক্ষ যুক্ত হয়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। একপর্যায়ে তিনি অপুকে ‘পরগাছার রানি’ বলেও আক্রমণ করেন।
পরীমনির এসব মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অপু বিশ্বাসও। গত রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনির উদ্দেশে তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ এই আলাপচারিতার সময় তিনি পরীমনির অভিনীত সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করেন। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, আর বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা প্রসঙ্গে অপু বলেন, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
অপুর এই ‘লেভেল’ সংক্রান্ত মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পরীমনি। গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০–তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’
তবে দুই অভিনেত্রীর সম্পর্কের এই অবনতির পেছনে শুধু সাম্প্রতিক ব্র্যান্ড বিতর্কই একমাত্র কারণ কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, একটি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে দুজনের একসঙ্গে কাজ করাটাই সম্পর্কের দূরত্ব তৈরিতে বড় ভূমিকা রেখেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে তাঁদের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল; তাঁরা একসঙ্গে আড্ডা দিতেন এবং সন্তানদের বিষয়ে কথা বলতেন। কিন্তু একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই সম্পর্কে ফাটল ধরে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। যদিও এই বিষয়ে দুই অভিনেত্রীই এখন পর্যন্ত প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির বিভিন্ন পোস্ট ঘিরে অপুকে নিয়ে আলোচনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট বেশ আলোচনায় আসে। সেখানে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেছিলেন পরীমনি; যদিও সেই পোস্টে সরাসরি অপুর নাম উল্লেখ করা হয়নি।
একসময় যাঁকে ছোট বোন বলতেন অপু এবং যিনি অপুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেই দুই অভিনেত্রী এখন একে অপরের প্রধান সমালোচকে পরিণত হয়েছেন। শুভেচ্ছাদূত পরিচয় নিয়ে শুরু হওয়া এই বিতর্ক এখন ব্যক্তিগত আক্রমণ এবং অভিনয়জীবনের সাফল্য নিয়ে প্রশ্ন তোলায় গড়িয়েছে। বন্ধুত্ব থেকে এই প্রকাশ্য বিরোধের পেছনে পেশাগত প্রতিযোগিতা নাকি গভীর কোনো ব্যক্তিগত মান-অভিমান কাজ করছে, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।