ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাম্প্রতিক একটি ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার মডেল ও অভিনয়শিল্পী আদনান আজাদের সঙ্গে বেশ কিছু রোমান্টিক আবহ সমৃদ্ধ স্থিরচিত্র প্রকাশ করেছেন অপু। ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর শুরুর দিকে অনেকেই আদনানকে চিনতে পারেননি। তবে পরবর্তীতে জানা যায়, দীর্ঘ ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন আদনান। দীর্ঘ সময়ের ব্যবধানে পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মনে কৌতূহল জেগেছে যে, তাঁরা কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন?
অনুসন্ধানে জানা গেছে, অপু বিশ্বাস ও আদনান আজাদের নতুন কোনো সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। মূলত সেই সম্ভাবনাই মাথায় রেখে এই বিশেষ ফটোশুটটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’ ছবিগুলোর প্রতি দর্শকদের এমন ইতিবাচক প্রতিক্রিয়াতে উচ্ছ্বসিত অপু। তিনি আরও বলেন, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।’
আদনান আজাদ পুনরায় চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন অপু। তাঁর মতে, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’
অপু জানান, এই বিষয়ে বর্তমানে কথাবার্তা চলছে এবং খুব শীঘ্রই তাঁদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। সেই সাক্ষাতের পর সিনেমা সংক্রান্ত আলোচনা আরও সামনে এগোবে বলে আশা করা হচ্ছে। তবে সম্ভাব্য সিনেমার নাম, কাহিনী কিংবা নির্মাণের নির্দিষ্ট সময় নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্লেখ্য, ১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। ওই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আদনানের।
ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই আদি নিবাস বগুড়ায়। সেখান থেকেই তাঁরা ঢাকায় এসে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে, আদনান অভিনয় ও মডেলিংয়ের সাথে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠতে পারেননি।
ফেসবুকে এই ফটোশুটের ছবিগুলো প্রকাশ করে আদনান অপুকে ‘প্রফেসর’ বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’
অন্যদিকে, অপুও ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ অপুর এই পোস্টে এক হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া এসেছে। অনেক ভক্তই এই পুরোনো জুটিকে আবারও বড় পর্দায় দেখার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন। অভিনয়ের পাশাপাশি আদনান আজাদের আরও একটি বিশেষ পরিচয় রয়েছে; তিনি বন্য প্রাণী ও প্রকৃতির একজন দক্ষ আলোকচিত্রী হিসেবে পরিচিত।