ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি সাম্প্রতিক ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে নিজের ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকের ওই পোস্টে ছবির সাথে দেওয়া ক্যাপশনে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ এবং ‘বিজনেস মেন্টর’ হিসেবে অভিহিত করেছেন অপু বিশ্বাস। তাঁর কাছ থেকে ব্যবসা পরিচালনা শেখার পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজস্ব কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

সাধারণত অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনের শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। আর ঠিক এই কারণেই ছবির সাথে তাঁর লেখা কথাগুলো নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে। জন্মদিনের শুভেচ্ছাবার্তার শুরুতেই অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ ওই ব্যক্তির নির্দেশনায় এবং সহযোগিতায় তিনি ব্যবসাকে নতুনভাবে চিনতে পেরেছেন বলে জানান এই অভিনেত্রী।

অপুর দাবি, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা তিনি ওই ব্যক্তির কাছ থেকেই পেয়েছেন। জীবনের পথচলায় তাঁর কাছ থেকে শেখা বিষয়গুলোকে অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য করে অভিনেত্রী লেখেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’

জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ওই ব্যক্তির ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন অপু। একই সঙ্গে তাঁদের এই বন্ধুত্ব এবং একসঙ্গে পথচলা যেন আরও দীর্ঘ হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’

তবে এই রহস্যময় যুবকটি আসলে কে? শুভেচ্ছাবার্তায় তাঁর নাম বা পরিচয় আলাদা করে উল্লেখ করেননি অপু বিশ্বাস। তবে তাঁর লেখা থেকে এটি স্পষ্ট যে, ওই ব্যক্তি অপুর বন্ধু এবং ব্যবসায়িক পরামর্শদাতা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক জীবনে এই ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথাটিই তিনি জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ফুটিয়ে তুলেছেন। যদিও পোস্টে নাম নেই, তবে অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরপ্রবাসী এই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।