ক্রিকেটের পরিভাষায় ম্যাচটি ছিল একটি ‘ডেড রাবার’ বা মরা ম্যাচ। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচ ওয়ানডের সিরিজ, যার প্রথম তিনটি ম্যাচে জয়লাভ করে ভারত আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল। ফলে চতুর্থ ও পঞ্চম ম্যাচ দুটি হয়ে পড়েছিল নিছক আনুষ্ঠানিকতা। সাধারণত এমন ম্যাচগুলোকে দলগুলো সুযোগ হিসেবে গ্রহণ করে; যারা আগের ম্যাচগুলোতে সুযোগ পাননি কিংবা যাদের ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা প্রয়োজন, তাদের একাদশে নামানো হয়।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারত ঠিক তেমনটাই করেছিল। একাদশে আনা হয় পাঁচটি পরিবর্তন। তবে ম্যাচটি ইডেন গার্ডেনসের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মাঠটির ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছিল। সেদিন বিকেলে গ্যালারিতে জড়ো হওয়া হাজার হাজার দর্শক জানতেন না যে, তাঁরা ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও জ্বলজ্বলে অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছেন।

প্রায় পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত ছিলেন গ্যালারিতে। শরতের হালকা রোদ আর বাতাসে উৎসবের আমেজ। ঠিক এমন এক বিকেলেই একজন ক্রিকেটার তাঁর ব্যাট দিয়ে বদলে দিলেন ম্যাচের গতিপথ, ওয়ানডে ইতিহাসের পরিসংখ্যান এবং দর্শকদের স্মৃতি। তিনি ছিলেন ২৬ বছর বয়সী রোহিত শর্মা।

আঙুলে চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর সেই ম্যাচে ফিরেছিলেন রোহিত। সিরিজের চতুর্থ ওয়ানডেটি ছিল তাঁর জন্য এক নতুন শুরুর মতো। তবে শুরুটা খুব একটা সুখকর ছিল না। ইনিংসের শুরুর দিকে মাত্র ৪ রানেই থার্ডম্যানে থিসারা পেরেরার হাতে ক্যাচ দেন তিনি। সেটি ছিল অত্যন্ত সহজ একটি ক্যাচ, যাকে সহজ ভাষায় বলা যায় ‘লোপ্পা’ ক্যাচ। কিন্তু বিস্ময়করভাবে থিসারা সেটি লুফে নিতে ব্যর্থ হন। কে জানত, এই একটি ফসকানো ক্যাচই হয়ে উঠবে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি!

শুরুতে রোহিতের ব্যাটিং ছিল অত্যন্ত শান্ত ও সংযত। প্রথম ২১ বলে তিনি সংগ্রহ করেন মাত্র ৬ রান। ওপেনার হয়েও অষ্টম ওভারের ২২তম বলে তিনি তাঁর প্রথম চার পান। পঞ্চাশ রানের মাইলফলকে পৌঁছাতেও তাঁর বেশ সময় লেগেছিল—৭২তম বলে তিনি সেই লক্ষ্যে পৌঁছান। এরপরই তিনি ধীরে ধীরে নিজের খোলস ছাড়তে শুরু করেন। ম্যাচের ৩০তম ওভারে নুয়ান কুলাসেকারাকে মিডউইকেট দিয়ে হাঁকিয়ে দেন একটি ছক্কা, যা ছিল ওই ম্যাচে তাঁর প্রথম ছক্কা।

৩২তম ওভারে তিনি স্পর্শ করেন এক বড় মাইলফলক। শামিন্দা ইরাঙ্গার বল স্কয়ারে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে ১০০ বলে ১০০ রান পূর্ণ করেন। দৌড়ে অপর প্রান্তে পৌঁছে দুই হাত উঁচিয়ে আকাশের দিকে তাকান এবং বারবার আঙুল তুলে ইশারা করেন। এরপর হাঁটু গেড়ে বসে দর্শকদের করতালির প্রশংসা উপভোগ করেন তিনি। অভিনন্দন জানান অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে বাইরে থাকাকালীন অজিঙ্কা রাহানের নিয়মিত রান করার ফলে নিজের জায়গা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই কঠিন সময়ে তিন অঙ্কের রান করাটা ছিল রোহিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেঞ্চুরি করার পর যেন তাঁর মানসিক চাপ দূর হয়ে যায়। মুহূর্তেই বদলে যায় তাঁর শরীরের ভাষা এবং ব্যাটের ছন্দ, এমনকি মাঠের পরিবেশও যেন বদলে যায়। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে তাঁর সময় লাগে মাত্র ২৫ বল। অ্যাঞ্জেলো ম্যাথুজ, সুরঙ্গা লাকমল কিংবা সেকুগে প্রসন্ন—যাঁর হাতেই বল ছিল, রোহিতের সামনে সবাই ছিলেন নিস্তেজ। তাঁর প্রতিটি শটের সাথে গ্যালারি থেকে ভেসে আসছিল দর্শকদের প্রবল গর্জন ও চিৎকার।

৪৬তম ওভারের চতুর্থ বলে কুলাসেকারাকে কাভার দিয়ে চার মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ইডেন গার্ডেন তখন উল্লাসে ফেটে পড়ে। ভারতীয় দর্শকরা এর আগে শচীন টেন্ডুলকার এবং বীরেন্দর শেবাগের ব্যাট থেকে দুই শ রান দেখেছিলেন। এমনকি ২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রোহিত নিজেও ডাবল সেঞ্চুরি করেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কেউ যে দুইবার দুই শ রান করলেন, তা আগে কখনও দেখা যায়নি।

তবে রোহিতের ব্যাটিংয়ের গল্প তখনও শেষ হয়নি। ডাবল সেঞ্চুরির পর আরও ২২ বল খেলেন তিনি, যাতে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। বীরেন্দর শেবাগের ২১৯ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে এক ঝটকায় ২৫০ রান পেরিয়ে যান রোহিত। শেষ বলে কুলাসেকারার হাতে ক্যাচ দিয়ে আউট হলেও, ততক্ষণে স্কোরবোর্ডে লেখা হয়ে গেছে এক অবিশ্বাস্য সংখ্যা—মাত্র ১৭৩ বলে ২৬৪ রান।

৩৩টি চার এবং ৯টি ছক্কার এই ইনিংস ভারতকে ৪০৪ রানের পাহাড় সমান সংগ্রহের দিকে নিয়ে যায়। এই বিশাল সংগ্রহের পেছনে দ্বিতীয় সর্বোচ্চ অবদান ছিল কোহলির ৬৬ রান, বাকিরা সেখানে কেবল দর্শক হয়েই থেকে যান। রোহিতের রানের গতি ছিল নিম্নরূপ: ৫০ রান—৭২ বলে, ১০০—১০০ বলে, ১৫০—১২৫ বলে, ২০০—১৫১ বলে এবং ২৫০—১৬৬ বলে।

এটি ছিল ধৈর্য, সঠিক হিসাব, নিখুঁত শট সিলেকশন এবং নির্বিচার আক্রমণের এক অনন্য সমন্বয়, যা টি-টোয়েন্টির যুগেও এক দশকের বেশি সময় ধরে টিকে আছে। দিনটি ছিল ২০১৪ সালের ১৩ নভেম্বর।

(ভারতের ৪০৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ২৫১ রানেই অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার পুরো দলের চেয়ে বেশি রান করার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা ২৬৪০০০ রুপি লেখা একটি চেক পুরস্কার হিসেবে পান)।