ভারতে দীর্ঘকাল ধরে মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব নিয়ে নানা বিতর্ক ও অভিযোগ চলে আসছে। তবে এবার ভিন্ন এক অভিযোগ সামনে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। অভিযোগ করা হয়েছে যে, একটি শিব মন্দির সরিয়ে সেখানে বিরিয়ানির দোকান তৈরি করা হয়েছে। বিশেষ করে কলকাতার অত্যন্ত জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁ 'আরসালান' মন্দিরের জমি দখল করে এবং শিবলিঙ্গ সরিয়ে সেখানে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে বলে দাবি করা হচ্ছে।

এই স্পর্শকাতর বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে পুরো কলকাতাতেই ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা এই সমস্ত গুরুতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

ঘটনার সূত্রপাত হয় দক্ষিণ কলকাতার কসবা থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগের মাধ্যমে। বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, কসবায় অবস্থিত আরসালান রেস্তোরাঁর ঠিক পাশেই একটি প্রাচীন শিব ও হনুমান মন্দির ছিল। তাঁর দাবি, রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই মন্দিরের জমি অন্যায়ভাবে দখল করে নিজেদের পরিসর বৃদ্ধি করেছে এবং মন্দিরের মূল কাঠামোর ওপর বেআইনিভাবে অবকাঠামো নির্মাণ করেছে। এমনকি বিরিয়ানির হাঁড়ি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার গুদাম হিসেবে মন্দিরের পবিত্র চত্বরটিকে ব্যবহার করা হচ্ছিল বলেও তিনি জানান।

অভিযোগে ওই বিজেপি নেতা আরও উল্লেখ করেছেন যে, ফুটপাত এবং সংলগ্ন খালপাড় দখল করে সেখানে গাড়ি পার্কিং ব্যবসা চালানো হচ্ছে এবং খালে বর্জ্য ফেলা হচ্ছে। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি।

বিজেপি নেতার এই অভিযোগ পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। কসবা থানার পুলিশ এবং কলকাতা পুরসভার একজন নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুরসভার একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে খালপাড়ের রাস্তা দখলের বিষয়টি নজরে এসেছে। তবে নির্মাণটি বৈধ কি না, তা নিশ্চিত হতে মূল ভবনের নকশা ও পরিকল্পনা পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, এই বিষয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল পদক্ষেপ গ্রহণ করেছেন এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এছাড়া মন্দিরে পুনরায় শিবলিঙ্গ প্রতিষ্ঠার পরিকল্পনাও চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে অত্যন্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “মন্দির হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান, বেআইনিভাবে জমি দখল করা হলে বুলডোজার চালিয়ে তা উদ্ধার করা উচিত।” বর্তমানে পুরসভা ও পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।