নওগাঁর বদলগাছী উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের অন্তর্গত কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তাঁরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক কেবল এবারই নয়, এর আগেও শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিদ্যালয়ে পাঠদান চলাকালীন চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ভিডিওতে ভুক্তভোগী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ করতে শোনা যায়।
ঘটনার বিষয়ে মিলনের নাম একজন অভিভাবক মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। পরে এসে দেখি, আমার ছেলের মাথার চুল খোপ খোপ করে কেটে দিয়েছে; অথচ তার মাথায় চুল স্বাভাবিকই ছিল। এ নিয়ে আজ বিদ্যালয়ে ঝামেলা হয়েছে।’
অন্যদিকে, রকেট হোসেন নামের আরেক অভিভাবক জানান, প্রায় ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল এভাবে কেটে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, এর আগে এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে ওই শিক্ষকের মাধ্যমে। তিনি দাবি করেন, প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে থাকেন। তাই তাঁরা এই ঘটনার সুষ্ঠু বিচার চান।
তবে এসব অভিযোগের বিপরীতে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “ছেলেমেয়েদের চুল অনেক বড় হয়ে গিয়েছিল; চোখের ওপর এসে পড়ায়, দেখতে খারাপ লাগছিল। এ কারণে কয়েকজন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছি।” যদিও শিক্ষার্থীদের মারধরের যে অভিযোগ তোলা হয়েছে, তা তিনি সরাসরি অস্বীকার করেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান মুক্তকণ্ঠকে জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে বর্তমানে তিনি একটি প্রশিক্ষণে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারেননি। তিনি জানান, কী কারণে শিক্ষার্থীদের মাথার চুল এভাবে কেটে দেওয়া হলো, তা তদন্ত করতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।