সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও সুপারিশব্যবস্থা বা রেকমেন্ডেশন সিস্টেম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর অভিযোগ, টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের একই ধরনের ভিডিও বারবার দেখানোর মাধ্যমে তাদের একটি নির্দিষ্ট কনটেন্টের চক্রে আটকে ফেলে, যেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। প্রযুক্তিগত ভাষায় ‘র্যাবিট হোল’ নামে পরিচিত এই প্রবণতা ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে সংস্থাটি। এই সংকট নিরসনে টিকটকের অ্যালগরিদম এবং কনটেন্ট সুপারিশব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি জানিয়েছে ইউরোপীয় কমিশন।
গত শুক্রবার ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের প্রাথমিক অভিযোগ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের দাবি, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেই ঝুঁকি কমাতে টিকটক যথাযথ ও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যদি প্রতিষ্ঠানটি এই অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে এর মূল মালিক চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সকে বিশ্বজুড়ে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। ইউরোপীয় কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, টিকটকের ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীর আগ্রহ ও কার্যক্রমের ওপর ভিত্তি করে ভিডিও প্রদর্শিত হয়। কোনো ব্যবহারকারী যখন নির্দিষ্ট ধরনের ভিডিও দেখেন, স্ক্রল করেন কিংবা লাইক দেন, তখন অ্যালগরিদম সেটিকে তার আগ্রহের বিষয় হিসেবে চিহ্নিত করে। এর ফলে একই ধরনের আরও ভিডিওর স্রোত ব্যবহারকারীর সামনে হাজির হয় এবং একপর্যায়ে তিনি ক্রমাগত একই ধরনের কনটেন্ট দেখতে থাকেন, যা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।
কমিশনের আশঙ্কা, বিশেষ করে বিষণ্নতা, একাকিত্ব কিংবা শারীরিক গঠন ও সৌন্দর্য নিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এই প্রবণতা অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের কনটেন্ট বারবার দেখার ফলে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি বলে মনে করছে সংস্থাটি। তবে ইউরোপীয় কমিশনের এই অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে টিকটক। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “কমিশনের বক্তব্যে তাদের প্ল্যাটফর্মের কাঠামো এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা সম্পর্কে মৌলিক ভুল তথ্য তুলে ধরা হয়েছে।” টিকটকের দাবি, ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতার ওপর সরাসরি নিয়ন্ত্রণ দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে।
ইউরোপীয় কমিশনের প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরকুনেন বলেন, “টিকটকে কোনো ব্যবহারকারী ভিডিও স্ক্রল করলে কিংবা তাতে লাইক দিলে অ্যালগরিদম তাকে একই ধরনের আরও ভিডিও দেখাতে থাকে। এভাবে ব্যবহারকারীরা এমন এক কনটেন্টের চক্রে আটকে পড়েন, যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, ব্যবহারকারীদের সুস্থতা রক্ষায় টিকটককে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিতে হবে।
এই ‘র্যাবিট হোল’ প্রভাব কমিয়ে আনতে টিকটকের ‘ফর ইউ’ ফিডের অ্যালগরিদমের নকশা পরিবর্তনের পরামর্শ দিয়েছে ইউরোপীয় কমিশন। কমিশনের মতে, ব্যবহারকারীরা কোন ধরনের ভিডিও দেখতে চান, সে বিষয়ে তাদের নিজস্ব পছন্দ ও সরাসরি নির্দেশনাকে অধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কনটেন্ট নিয়ন্ত্রণের সুবিধাগুলো যেন ব্যবহারকারীরা আরও সহজে খুঁজে পান এবং ব্যবহার করতে পারেন, সেই সুযোগ তৈরি করতে হবে। এছাড়া অ্যালগরিদমের কার্যকারিতা এবং ব্যবহারকারীদের ওপর এর প্রভাব নিয়মিত পরীক্ষা করার কথা বলেছে কমিশন।
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় টিকটকের বিরুদ্ধে পরিচালিত একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে সর্বশেষ এই অভিযোগগুলো আনা হয়েছে। এই আইনের আওতায় বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব হলো তাদের মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষতিকর ও অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণ করা এবং নিজেদের সেবার ফলে ব্যবহারকারীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কি না তা খতিয়ে দেখে তা কমানো।
এর আগে গত ফেব্রুয়ারিতেও টিকটকের নকশায় আসক্তি তৈরির প্রবণতা, শিশুদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা এবং গবেষকদের জন্য প্ল্যাটফর্মের উন্মুক্ত তথ্য ব্যবহারের সুযোগ সীমিত করার অভিযোগে প্রাথমিক অনুসন্ধানের ফল প্রকাশ করেছিল ইউরোপীয় কমিশন। সে সময় টিকটক ওই অভিযোগগুলোকে “সম্পূর্ণ মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছিল, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
এদিকে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সুপারিশব্যবস্থাতেও একই ধরনের ‘র্যাবিট হোল’ প্রভাব তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আলাদাভাবে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন।
সূত্র: রয়টার্স