ডিজিটাল অবকাঠামো নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এবং ডিজিটাল সেবাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল নিয়োগ এবং কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনের একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী এসব কথা বলেন। ‘স্থিতিশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা’ এই প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত উক্ত সেমিনারে নীতিনির্ধারক, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাকসেলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই সেমিনারটি আয়োজন করা হয়েছে। সেমিনারের বিভিন্ন অধিবেশনে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, সম্ভাব্য সাইবার ঝুঁকি, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা করার উপায়, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা চালানো হয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমানে ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’—এর মতো সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই প্রযুক্তিগত অগ্রগতি যেমন নতুন সুযোগ তৈরি করেছে, তেমনি সাইবার ঝুঁকির সম্ভাবনাকেও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিনটি বিশেষ অগ্রাধিকারের কথা তুলে ধরেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, “দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষায় অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকে সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে না দেখে অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।”
ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত হিসেবে নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন মন্ত্রী। এ লক্ষ্যে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও তা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে ডিজিটাল সেবার প্রতি সাধারণ জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি বলে তিনি মনে করেন। মন্ত্রী বলেন, “আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই।”
সেমিনারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করা এখন সময়ের দাবি এবং অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিক তথ্যের সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে বলে তিনি মনে করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রেহান আসিফ আসাদ বলেন, প্রযুক্তি ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার সর্বোচ্চ ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি সুরক্ষিত ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
পুরো আয়োজনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। এছাড়া এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের একজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।