হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যবহারকারীর ব্যক্তিগত আলাপচারিতা এবং পরিচিতদের তথ্যের গোপনীয়তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। শুধু তথ্যের নিরাপত্তাই নয়, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে গেলে তারা আপনার পরিচয় ব্যবহার করে বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য কিংবা পরিচিত ব্যক্তিদের কাছে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে। তবে আতঙ্কিত না হয়ে নিজের ফোন নম্বর ব্যবহার করেই হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরায় উদ্ধার করা সম্ভব।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাওয়ার প্রক্রিয়া
যদি কোনো কারণে আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন, তবে প্রথমেই অ্যাপটি খুলে ‘লগ ইন এগেইন’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘কন্টিনিউ’ নির্বাচন করার পর যখন ফোন নম্বর চাওয়া হবে, তখন দেশের কোডসহ আপনার সচল ফোন নম্বরটি লিখুন। এরপর ‘নেক্সট’ ও ‘ওকে’ অপশনে ট্যাপ করলে আপনার ফোনে এসএমএস অথবা ফোন কলের মাধ্যমে ছয় সংখ্যার একটি যাচাইকরণ কোড পাঠানো হবে। এই কোডটি নির্ধারিত স্থানে লিখে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা অন্য সব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। এর ফলে অন্য কোনো ব্যক্তি তার যন্ত্র থেকে আর আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।
টু-স্টেপ ভেরিফিকেশন পিন সংক্রান্ত সমস্যা
অ্যাকাউন্ট উদ্ধারের এই প্রক্রিয়ার সময় হোয়াটসঅ্যাপ আপনার কাছে টু-স্টেপ ভেরিফিকেশন বা দুই ধাপের ভেরিফিকেশন পিন চাইতে পারে। যদি আপনি এই পিনটি না জানেন, তবে হতে পারে যে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া ব্যক্তিটি এই নিরাপত্তাব্যবস্থাটি চালু করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে পিন জানা না থাকলে আপনাকে সাত দিন অপেক্ষা করতে হবে এবং এরপর পুনরায় চেষ্টা করতে হবে।
অ্যাকাউন্ট পুনরুদ্ধারে প্রয়োজনীয় সতর্কতা
অনেকেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে নতুন সিম কার্ড কিনে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে মনে রাখতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি পুরোনো ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তবে হ্যাক হওয়ার পর সেই অ্যাকাউন্ট ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই নতুন সিম কার্ড ব্যবহার শুরু করলে দ্রুত ‘চেঞ্জ ফোন নম্বর’ সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি পরিবর্তন করে নেওয়া জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া