স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া বর্তমান সময়ে একটি বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ফোনের ভেতরে থাকা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীরা বেশ চিন্তিত থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যার মাধ্যমে ব্যক্তিগত কথোপকথন এবং সংবেদনশীল তথ্যের অপব্যবহার হওয়ার প্রবল আশঙ্কা থাকে। তবে সঠিক পদক্ষেপ নিলে ফোন হারিয়ে গেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পেতে হলে প্রথমেই ব্যবহারকারীকে তার ফোন নম্বরের নিয়ন্ত্রণ ফিরে পেতে হবে। ফোন হারানোর পরপরই দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে পুরোনো সিম কার্ডটি বন্ধ করে দেওয়া জরুরি। এরপর ওই একই ফোন নম্বরে একটি নতুন সিম কার্ড সংগ্রহ করে তা সচল করতে হবে। নতুন সিমটি অন্য কোনো সচল ফোনে প্রবেশ করানোর পর হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টটি পুনরায় নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়, যা প্রদান করা বাধ্যতামূলক। তাই যদি কোনো কারণে ওই নম্বরটি ব্যবহারের সুযোগ না থাকে, তবে স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব হয় না। নতুন ফোনে নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে, হারানো ফোন থেকে ওই অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে।
উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীর অনুরোধে সরাসরি কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারে না। এর প্রধান কারণ হলো, অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরটির প্রকৃত মালিকানা যাচাই করার কোনো সুযোগ তাদের কাছে নেই। একইভাবে, হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করে হারানো ফোনের অবস্থান শনাক্ত করাও সম্ভব নয়। ফলে ফোন হারিয়ে গেলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ওপর নির্ভর করে সেটি খুঁজে পাওয়া বা অন্য কোনো ডিভাইস থেকে সরাসরি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার কোনো সুযোগ নেই।
হারানো ফোনের পরিবর্তে অন্য একটি ফোনে একই নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করলে আগের ফোন থেকে অ্যাকাউন্টটি লগআউট হয়ে যায়। তবে নতুন ফোনে অ্যাকাউন্ট চালু করলেই যে আগের সব চ্যাট বা বার্তা ফিরে আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। যদি ব্যবহারকারী আগে থেকেই গুগল অ্যাকাউন্টে চ্যাটের ব্যাকআপ রেখে থাকেন, তবেই সেখান থেকে পুরনো বার্তাগুলো পুনরুদ্ধার করা সম্ভব। তাই গুরুত্বপূর্ণ কথোপকথন চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকি কমাতে নিয়মিত চ্যাটের ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়।
অনেকে মনে করেন হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে হারানো ফোনের অ্যাকাউন্ট থেকে সরাসরি লগআউট করা সম্ভব, কিন্তু বাস্তবে তা করা যায় না। তাই ফোন হারানোর পর দ্রুত সিম কার্ড বন্ধ করে একই নম্বরের নতুন সিম সংগ্রহ করা এবং অন্য ফোনে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করাই সবচেয়ে কার্যকর ও নিরাপদ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
যদি কোনো কারণে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত পুরোনো সিম কার্ডটি ব্যবহার করা সম্ভব না হয়, তবে প্রথমে একই ফোন নম্বরের নতুন সিম সংগ্রহের চেষ্টা করতে হবে। তবে যদি পুরোনো নম্বরের পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি নম্বর ব্যবহার করতে চান, তবে হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ নম্বর’ সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য নতুন নম্বরে স্থানান্তর করা যায়। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে পুরোনো অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ থাকতে হবে এবং নতুন নম্বরটিও সচল থাকতে হবে।