স্মার্টফোনে ছবি, ভিডিও, বিভিন্ন নথি এবং অন্যান্য ফাইল নিয়মিত আদান-প্রদানের ফলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ফোনের মেমোরির একটি বড় অংশ দখল করে নেয়। এর ফলে ফোনের ধারণক্ষমতা কমে যায়, যা অনেক সময় নতুন ছবি তোলা, প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করা কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তবে হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ নামক বিশেষ সুবিধাটি ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই জানতে পারেন যে আকারে বড় ফাইলগুলো ফোনের কতটা জায়গা দখল করে আছে। এই প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ফাইলগুলো শনাক্ত করে মুছে ফেলার মাধ্যমে স্টোরেজ সমস্যার সমাধান করা সম্ভব।
হোয়াটসঅ্যাপের ফাইলগুলোর আকার দেখার পদ্ধতি
আপনার ফোনের মেমোরিতে হোয়াটসঅ্যাপের ফাইলগুলো ঠিক কতটা জায়গা দখল করে আছে, তা জানতে হলে প্রথমে অ্যাপটির উপরের ডান দিকে অবস্থিত তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ নির্বাচন করতে হবে এবং সেখান থেকে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করতে হবে। এই সেকশনে গেলে হোয়াটসঅ্যাপের ফাইলগুলো মোট কতটুকু জায়গা নিয়েছে তা স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইলের আকার জানতে চাইলে প্রথমে সেই চ্যাটটি ওপেন করতে হবে এবং চ্যাটের নামের ওপর ট্যাপ করতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করলে ওই নির্দিষ্ট চ্যাটের ফাইলগুলো কতটুকু জায়গা দখল করে আছে তা দেখা যায়। যেহেতু ফাইলগুলো আকারে বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকে, তাই অধিক জায়গা দখলকারী ফাইলগুলো দ্রুত শনাক্ত করে মুছে ফেলা সহজ হয়।
একসাথে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার নিয়ম
ফোনের স্টোরেজ দ্রুত খালি করার জন্য হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে গিয়ে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করতে হবে। এরপর যে চ্যাট বা চ্যানেলটি থেকে ফাইল মুছতে চান সেটি নির্বাচন করুন। তালিকায় থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো চিহ্নিত করে ‘সিলেক্ট অল’ অপশনে ট্যাপ করলেই সব ফাইল একসাথে মুছে যাবে।
ফাইল মুছে ফেলার আগে প্রয়োজনীয় সতর্কতা
হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা ব্যবহার করে কোনো ফাইল মুছে ফেলার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ এই পদ্ধতিতে কোনো ফাইল মুছে ফেললে সেটি স্থায়ীভাবে মুছে যেতে পারে। ফলে পরবর্তীতে সংশ্লিষ্ট চ্যাট থেকে ওই ফাইলটি পুনরায় ডাউনলোড করা সম্ভব না–ও হতে পারে। এছাড়া মনে রাখতে হবে, মুছে ফেলা ফাইলগুলো আপনার ফোন থেকে চলে গেলেও চ্যাটের অন্য সদস্যরা সেগুলো দেখতে পারবেন। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ থেকে কোনো ফাইল মুছে ফেলার পরও সেটির একটি কপি ফোনের অন্য কোনো ফোল্ডারে সংরক্ষিত থেকে যেতে পারে। তাই স্টোরেজে প্রকৃত জায়গা খালি করতে চাইলে একই ফাইলের একাধিক কপি থাকলে সেগুলোও আলাদাভাবে মুছে ফেলতে হবে।