টেকসই ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং সেই সাথে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ইডটকো বাংলাদেশ এবং ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইডটকোর বিভিন্ন টেলিযোগাযোগ অবকাঠামোর বিদ্যুৎ চাহিদা মেটাতে গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ব্যবস্থার উপযোগিতা যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করা। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইডটকো বাংলাদেশ এই চুক্তির কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনা প্রক্রিয়ায় নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করাই এই অংশীদারিত্বের প্রধান লক্ষ্য। এই পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানটির কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে গতি আসবে এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

চুক্তির শর্তানুযায়ী, সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর অবকাঠামোতে পৌঁছে দেওয়ার সম্ভাবনা যাচাই করা হবে। এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সঠিক স্থান নির্ধারণ, গ্রিড সংযোগ স্থাপন এবং প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দায়িত্ব পালন করবে ফ্লোসোলার। অন্যদিকে, ইডটকো উপযুক্ত স্থান নির্বাচন এবং বিদ্যুতের চাহিদার সঠিক মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এই উদ্যোগ সম্পর্কে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, “ডিজিটাল অবকাঠামোর পরিসর প্রতিনিয়ত বাড়ছে। একই সঙ্গে এসব অবকাঠামোতে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেটিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বড় পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে আমাদের প্রচেষ্টায় নতুন একটি মাত্রা যোগ করবে। একই সঙ্গে এটি আমাদের টাওয়ার পরিচালনা কার্যক্রমের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।”

অন্যদিকে, ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, “টেলিকম নেটওয়ার্ক দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকে। তাই এর বিদ্যুৎ সরবরাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ ধাপে ধাপে নেটওয়ার্কে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের কাঠামো তৈরি করতে সহায়তা করবে।”