সিইএমএস গ্লোবাল কর্তৃক আয়োজিত ‘পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এসিআই রিনিউয়েবল এনার্জি। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই তিন দিনব্যাপী প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এসিআই রিনিউয়েবল এনার্জির জন্য এই আয়োজনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই মঞ্চে প্রথমবারের মতো বিশ্বজুড়ে সমাদৃত তিনটি নবায়নযোগ্য জ্বালানি ও পাওয়ার সলিউশন ব্র্যান্ড—ইকোফ্লো, গুডউই এবং আইকো একসঙ্গে প্রদর্শিত হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

এই প্রদর্শনীর মাধ্যমে এসিআই রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানির এমন এক পূর্ণাঙ্গ সমাধান উপস্থাপন করেছে, যা বহুমুখী ব্যবহারক্ষেত্রকে স্পর্শ করে। এখানে বহনযোগ্য পাওয়ার স্টেশন এবং গৃহস্থালি ব্যাকআপ সলিউশনের পাশাপাশি আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উপযোগী এনার্জি সিস্টেম, অত্যাধুনিক ইনভার্টার, এনার্জি স্টোরেজ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউল প্রদর্শিত হয়। মূলত বাংলাদেশের পরিবর্তনশীল জ্বালানি খাতে এসিআই রিনিউয়েবল এনার্জি কীভাবে কার্যকর অবদান রাখছে, তা-ই এই প্রদর্শনীর মূল উপজীব্য ছিল। বর্তমানে বাংলাদেশ যখন সৌরবিদ্যুতের সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ওপর ক্রমবর্ধমান গুরুত্বারোপ করছে, ঠিক সেই সময়ে বিশ্বমানের স্বীকৃত প্রযুক্তি ও নির্ভরযোগ্য জ্বালানি সমাধান দেশের বাজারে পৌঁছে দিয়ে এই রূপান্তর প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী এসিআই রিনিউয়েবল এনার্জি।

প্রদর্শিত তিনটি ব্র্যান্ডেরই নিজস্ব স্বতন্ত্র প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। ইকোফ্লো, যা বিশ্বের এক নম্বর পোর্টেবল পাওয়ার স্টেশন ব্র্যান্ড হিসেবে স্বীকৃত, তারা প্রচলিত আইপিএসের একটি স্মার্ট বিকল্প হিসেবে উদ্ভাবনী বহনযোগ্য ও বাসাবাড়ির বিদ্যুতের সমাধান প্রদান করছে। অন্যদিকে, ব্লুমবাগবার্গএনইএফ টায়ার-১ ইনভার্টার ও ব্যাটারি ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিত গুডউই আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত মানের সমাধান দিচ্ছে। আর বিশ্বের সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন সোলার প্যানেল ব্র্যান্ড আইকো বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক এন-টাইপ এবিসি সৌরবিদ্যুৎ প্রযুক্তি।

প্রদর্শনী চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট খাতের পেশাজীবী, সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার, সাধারণ গ্রাহক ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। দর্শনার্থীরা এই ব্র্যান্ডগুলোর সর্বশেষ প্রযুক্তির সাথে পরিচিত হন, পণ্যের প্রদর্শনীতে সরাসরি অংশ নেন এবং নিজেদের বাসাবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় কীভাবে উন্নত নবায়নযোগ্য জ্বালানি সমাধান যুক্ত করা যায়, সে বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসিআই রিনিউয়েবল এনার্জির বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল। তিনি বলেন, ‘এসিআই রিনিউয়েবল এনার্জিতে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে অর্থবহ অবদান রাখা। আমরা বিশ্বাস করি, জ্বালানির ভবিষ্যৎ নিহিত রয়েছে আরও স্মার্ট, আরও দক্ষ ও টেকসই প্রযুক্তি গ্রহণের মধ্যে। সে কারণেই আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে নিরন্তর কাজ করে যাচ্ছি। ইকোফ্লো, গুডউই ও আইকোর মাধ্যমে আমরা পোর্টেবল পাওয়ার, এনার্জি স্টোরেজ, ইনভার্টার প্রযুক্তি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউলের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে একত্র করছি। আমরা চাই, বাংলাদেশের গ্রাহকেরা যেন চমৎকার বিক্রয়োত্তর সেবাসহ নির্ভরযোগ্য, উদ্ভাবনী ও বিশ্বমানের নবায়নযোগ্য জ্বালানি সমাধান পান।’

এসিআই রিনিউয়েবল এনার্জি মনে করে, বাংলাদেশের জ্বালানি খাতের আগামীর জন্য প্রযুক্তিগত উদ্ভাবন, জ্বালানি দক্ষতা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের এক সমন্বিত প্রয়াস অত্যন্ত জরুরি।