আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুই দিনব্যাপী এক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন ইউরোপের রাষ্ট্রপ্রধান ও নেতারা। এই সম্মেলনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেন যুদ্ধ এবং দেশটির প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ সহায়তার বিষয়টি। আগামী বছর যুদ্ধ চালিয়ে যেতে ব্রাসেলসের কাছ থেকে ইউক্রেনের আরও ৪৫ বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে সংশয় ও প্রশ্নচিহ্ন বাড়ছে।
এক সময়ে ইউক্রেন সহায়তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে যে ঐকমত্য ছিল, এখন সেখানে স্পষ্ট মতপার্থক্য ও রাজনৈতিক টানাপোড়েন দৃশ্যমান। এই সংকটময় পরিস্থিতিতে ইউরোপের সমর্থন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর প্রধান লক্ষ্য হলো যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি ইউক্রেনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা যেন কোনোভাবেই হ্রাস না পায়, তা নিশ্চিত করা।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হয়। এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ বন্ধের জন্য নানা কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনা চালানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। বরং সময় গড়ানোর সাথে সাথে প্রাণহানি, অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এই যুদ্ধের অবসান কবে হবে, সে বিষয়েও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
যুদ্ধের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক ও সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে ইউরোপ নিজেদের নিরাপত্তার সাথে সম্পৃক্ত বলে মনে করেছে। তবে দীর্ঘ সময় ধরে বিপুল অর্থ ও সামরিক সরঞ্জাম সরবরাহের চাপ এখন ইউরোপের দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে। অর্থনৈতিক সংকট, বাজেটের ওপর বাড়তি চাপ এবং নিজ নিজ দেশের জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে তৈরি হওয়া ক্লান্তি ও অসন্তোষের কারণে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠেছে।
এর ফলে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে আর আগের মতো অভিন্ন অবস্থান নেই। কেউ ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার পক্ষে অনড়, আবার কেউ অর্থের জোগান, সহায়তার পরিমাণ এবং যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে ভাবতে চাইছেন। এই মতপার্থক্য ইউরোপীয় ঐক্যের জন্য এক বড় পরীক্ষা। ডাবলিনের এই শীর্ষ সম্মেলনে শুধু ইউক্রেনের ভবিষ্যৎ নয়, বরং যুদ্ধের প্রশ্নে ইউরোপ কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে, সেটিও এখন বড় প্রশ্ন।
সাধারণত ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ বিরোধ আড়াল করে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে, কারণ প্রকাশ্য বিরোধকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হয়। তবে এবার ডাবলিনে পরিস্থিতি ভিন্ন। ইউক্রেননীতি এবং দেশটির পাশে ইউরোপের দেশগুলো কতটা দৃঢ়ভাবে দাঁড়াবে, সেই প্রশ্নটি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।
তাত্ত্বিকভাবে প্রায় সব দেশই ইউক্রেনের পাশে থাকার কথা বললেও অর্থ প্রদানের প্রশ্নে সেই সংহতি দুর্বল হয়ে পড়ছে। আগামী বছর প্রয়োজনীয় ৪৫ বিলিয়ন ইউরো সহায়তার ক্ষেত্রে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশ অতিরিক্ত অর্থায়নে অংশ নিতে আগ্রহী নয়।
ইউরোপের দুই প্রভাবশালী রাজনৈতিক নেতা এবার প্রকাশ্যেই পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছেন। রুদ্ধদ্বার বৈঠকের পরিবর্তে তাঁরা সরাসরি নিজেদের অবস্থান তুলে ধরছেন। শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা দুটি চিঠি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর একটি লিখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চিঠিতে তিনি একটি সরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: “ইউক্রেনের শান্তি আলোচনায় ইইউর পক্ষ থেকে কারা আলোচনার টেবিলে বসবেন?”
ইউরোপীয় ইউনিয়ন শুরু থেকেই দাবি করে আসছে যে, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের বাদ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতা করতে পারেন না। কিন্তু পুতিন যদি শান্তি আলোচনায় ইউরোপের উপস্থিতি মেনে নেন, তবে ইইউর পক্ষ থেকে কারা সেখানে প্রতিনিধিত্ব করবেন, তার উত্তর এখনো দিতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। মেলোনি চান আসন্ন শীর্ষ সম্মেলনে এই বিষয়ে আলোচনা করে একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হোক। এটি একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক প্রশ্ন, কারণ ইইউর ২৭টি সদস্যরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ও নেতৃত্বের আকাঙ্ক্ষা এক নয়। ফলে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সহজ নয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে তাঁর দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও বিবেচনা করতে হচ্ছে। ইতালিতে ইউক্রেন সহায়তার বিষয়টি সবার কাছে জনপ্রিয় নয় এবং শান্তির প্রত্যাশা বাড়ছে। তাই শান্তি আলোচনার প্রতিনিধিদলে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তিনি, যাতে ইতালির ভোটারদের কাছে তাঁকে দুর্বল নেতা মনে না হয়।
একই ধরনের অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনিও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে চিঠি লিখে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মের্ৎস মনে করেন, শান্তি আলোচনায় তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। ফ্রান্সও একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করছে। ঐতিহাসিক অভিজ্ঞতা ও ভৌগোলিক অবস্থানের কারণে পোল্যান্ডও আলোচনার টেবিলে নিজেদের উপস্থিতি অপরিহার্য মনে করে।
অন্যদিকে ইউরোপের ছোট দেশগুলো চায়, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করুন, যাতে তাদের স্বার্থ ও বক্তব্য উপেক্ষিত না হয়। সমস্যা আরও জটিল হয় যখন প্রশ্ন ওঠে শান্তি আলোচনায় ইউরোপের অভিন্ন অবস্থান কী হবে। সম্ভাব্য শান্তিচুক্তি কার্যকর ও নিরাপদ রাখতে কোন দেশ স্থলসেনা পাঠাতে প্রস্তুত কিংবা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নিতে কারা রাজি—এসব প্রশ্নে ইউরোপের কোনো অভিন্ন উত্তর নেই।
ইউরোপীয় ইউনিয়নের এই অভ্যন্তরীণ বিরোধ এখন প্রকাশ্য। ডাবলিনের শীর্ষ সম্মেলনে নেতাদের এই মতপার্থক্য দূর করার চেষ্টা করতে হবে। এখন দেখার বিষয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের এই বিভেদ আরও বাড়বে নাকি কমবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের এই বহুমুখী অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যা তাঁর কাছে ইউরোপের দুর্বলতারই ইঙ্গিত। তাই ডাবলিনের সম্মেলন থেকে ইউরোপকে আরও স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে এগোতে হবে।
শান্তি আলোচনার প্রতিনিধিত্বের পাশাপাশি ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও ইইউর ভেতরে বিরোধ তৈরি হয়েছে। গত চার বছরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জনগণের মধ্যে ইউক্রেন সহায়তার বিষয়ে এতটা বিরূপ মনোভাব আগে দেখা যায়নি। আগামী বছর প্রয়োজনীয় ৪৫ বিলিয়ন ইউরো সহায়তার ক্ষেত্রে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশ অংশ নিতে চায় না।
এতে ক্ষুব্ধ হয়েছেন জার্মানির চ্যান্সেলর মের্ৎস। তাঁর আশঙ্কা, শেষ পর্যন্ত ইউক্রেন সহায়তার সিংহভাগ ব্যয় জার্মানিকেই বহন করতে হবে। এই কারণে ডাবলিন সম্মেলনের আগে তিনি কঠোর ভাষায় একটি চিঠি লিখে দাবি করেছেন যে, ইউক্রেন সহায়তার ক্ষেত্রে ইইউর প্রতিটি সদস্যরাষ্ট্রকে ন্যায্য অংশের আর্থিক অবদান রাখতে হবে। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি ইইউর পরবর্তী বাজেট নিয়ে আলোচনা এগিয়ে নিতে চান না।
এটি নিঃসন্দেহে একটি কঠোর হুঁশিয়ারি। ইইউর সবচেয়ে বড় অর্থদাতা দেশ জার্মানি। মের্ৎসের এই অবস্থানের সমালোচনা করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো। জার্মানির আর্থিক অবদানের ওপর নির্ভরশীল একটি দেশের সরকারপ্রধান হিসেবে তিনি মের্ৎসের পদক্ষেপকে ‘চাঁদাবাজি’ বা রাজনৈতিক চাপ প্রয়োগের সঙ্গে তুলনা করেছেন।
এদিকে নিজ দেশ জার্মানিতে সাম্প্রতিক রাজ্য সরকারগুলোর নির্বাচনে মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) এবং জোট সরকারের অপর শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ এই বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। ডাবলিনের শীর্ষ সম্মেলনে নেতাদের এসব মতপার্থক্য দূর করার চেষ্টা করতে হবে। এখন দেখার বিষয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের এই মতপার্থক্য আরও বাড়বে, নাকি কমবে।
সরাফ আহমেদ
মুক্তকণ্ঠের জার্মান প্রতিনিধি
[email protected]